বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞায় মামলা করলেন শাহ শহিদুল হক
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৩২ এএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার
বাংলাদেশ প্যারেডের ওপর নিষেধাজ্ঞা চেয়ে পুলিশ প্রিসিংক্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন শাহ শহিদুল হক। কমিউনিটিতে তিনি হিউম্যান র্ইাঁস একটিভিস্ট, বিভিন্ন মেলার আয়োজক ও মূলধারার রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি আজকাল প্রতিবেদককে বলেন, জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ’র উপর মেলার আয়োজন আমিই শুরু করি। কিন্ত ২০২৫ সালে ও ২০২৬ সালে নিয়ম ও ট্রেডিশন ভেংগে পক্ষপাতমূলকভাবে আমাকে প্যারেড আয়োজনের অনুমতি দেয়া হয়নি। উল্লেখ্য, আগামী ১৭ মে জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউ’র উপর ৬৯ স্ট্রিট থেকে ৮৩ স্ট্রিট পর্যন্ত বাংলাদেশ মেলার আয়োজন করা হয়েছে। গোল্ডেন এজ প্রেজেন্টস আয়োজিত এ মেলার উদ্যোক্তা হলেন এটর্নি মঈন চৌধুরী, গিয়াস আহমেদ ও ফাহাদ সোলায়মান।
শাহ শহিদুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, ২০২৫ সালেই ২০২৬ সালে বাংলাদেশ প্যারেড আয়োজনের জন্য ১৫৫তম প্রিসিংক্টে আবেদন করি। কিন্তু আইন অমান্য করে প্রিসিংক্ট দ্বিতীয় একটি পার্টিকে পারমিশন দেয়। এতে আমি ক্ষতিগ্রস্থ হয়েছি। আমি সংক্ষুব্ধ। এই অন্যায়ের প্রতিবাদেই প্রিসিংক্টের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। যার ইনডেক্স নাম্বার ৭০৯০১৩/২৬। অন্য কেউ অনুমতি নিয়ে বাংলাদেশ প্যারেড করতে পারবে না এমন কোন আইন আছে নাকি? এ প্রশ্নের জবাবে শহিদুল হক বলেন, পারবে । তবে যে স্থানে আমি অতীতে করেছি সেখানে নয়। সেখানে আমার প্রায়োরিটি আগে থাকবে। আমি না করলে ভিন্ন কথা। এই নীতি এার মানা হয়নি।
এ ব্যাপারে সাপ্তাহিক আজকালের পক্ষ থেকে ১১৫তম প্রিসিংক্টে যোগাযোগ করলে ডিটেকটিভ গনজালেজ বলেন, নিয়ম মেনেই সিদ্ধান্ত দেয়া হয়েছে। তবে মামলা বা অভিযোগ থাকলে স্থানীয়ভাবে আমরা বলতে পারি না। এ ব্যাপারে পাবলিক ইনফরমেশন, ডেপুটি কমিশনার বলতে পারবেন। আমাদের কিছু বলার এখতিয়ার নেই।
