`গুপ্ত` ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:১০ এএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার
বাংলাদেশের চট্টগ্রামে একটি কলেজে গ্রাফিতিতে 'গুপ্ত' শব্দ লেখা নিয়ে মঙ্গলবার ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের পর দুই সংগঠনের পরস্পরবিরোধী অবস্থানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে।
উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং বিভিন্ন কৌশলে ক্যাম্পাস ও শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ করছে।
চট্টগ্রামে সরকারি সিটি কলেজের ওই ঘটনার প্রতিবাদে পরস্পরকে দায়ী করে আজ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও ছাত্রশিবির।
"সংঘাত, সহিংসতা ও উত্তেজনার সূচনা করছে ছাত্রদল। আমরা সহনশীলতা নিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছি," বিবিসি বাংলাকে বলেছেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম।
আর ছাত্রদল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে 'উত্তেজনাকর' পরিস্থিতির জন্য শিবিরকে দায়ী করেছে।
"এখনকার পরিস্থিতির মূল কারণ হলো শিবিরের গুপ্ত রাজনীতি। তারা সাধারণ শিক্ষার্থী বেশে হল ক্যাম্পাস নিয়ন্ত্রণ করতে চাইছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে ছাত্রদলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এটা আমরা মেনে নেবো না।
প্রসঙ্গত, ২০২৪ সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেকেই ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে থাকার বিষয়টি সামনে আনেন। তাদের কেউ কেউ এর আগে ছাত্রলীগে সম্পৃক্ত ছিলেন বলে প্রচার আছে।
শিবিরের কেউ কেউ আবার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার জন্যও পরিচিত ছিলেন। দলীয় পরিচয় প্রকাশ্যে না আনার এই বিষয়টিকে রাজনীতিতে নানা সময় আলোচনার বিষয়বস্তু করেছেন অনেকে।
