বাজারে সয়াবিন তেলের সংকট, দাম বাড়ায় ভোগান্তিতে ক্রেতারা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:০৯ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে সয়াবিন তেলের সংকটের পাশাপাশি দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। সরবরাহ ঘাটতি ও মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ক্রেতারা যেমন চাপে পড়েছেন, তেমনি বিক্রেতারাও পড়েছেন অস্বস্তিতে।
রোববার (১৯ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজার, মালিবাগ ও মগবাজার এলাকা ঘুরে দেখা যায়, অনেক দোকানেই বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কোথাও আবার সীমিত পরিমাণে বিক্রি করা হচ্ছে। খোলা তেলের দামও আগের তুলনায় লিটারপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে।
কারওয়ান বাজারের মুদিদোকানি মো. সাইফুল ইসলাম বলেন, ডিলারদের কাছ থেকে আগের মতো তেল পাচ্ছি না। যা পাচ্ছি, সেটিও বেশি দামে কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
মালিবাগ বাজারের বিক্রেতা আব্দুল করিম জানান, আমাদেরও সমস্যায় পড়তে হচ্ছে। ক্রেতারা বেশি দাম শুনে ক্ষোভ প্রকাশ করছেন, কিন্তু আমাদের কিছু করার নেই। সরবরাহ কম থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে, ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। মগবাজারের বাসিন্দা সাবিনা আক্তার বলেন, দৈনন্দিন জীবনে তেল অপরিহার্য। কিন্তু হঠাৎ করে দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। দেশে প্রতিনিয়তই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে—এসব বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত।
মধ্যবিত্ত চাকরিজীবী রাশেদ মাহমুদ বলেন, বাজারে গেলে প্রতিদিন নতুন করে দাম বাড়ার খবর শুনতে হয়। সয়াবিন তেলের মতো নিত্যপণ্যের এমন সংকট খুবই দুশ্চিন্তার।
আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি, আমদানি ব্যয় বেড়ে যাওয়া এবং সরবরাহ ব্যবস্থার দুর্বলতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ীর মজুতদারির প্রবণতাও সংকটকে আরও তীব্র করছে বলে অভিযোগ রয়েছে।
এ অবস্থায় ভোক্তাদের দাবি, শুধু আশ্বাস নয় দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বাজারে সয়াবিন তেলের সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে আনা জরুরি। অন্যথায় সাধারণ মানুষের নিত্যদিনের জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে।
