শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬   চৈত্র ২৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৭

নিউইয়র্কে একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৪:৫২ পিএম, ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার


 
 
পরিবারের আনন্দ নিমিষে শোকার্ত এক পরিবেশে পরিণত হয়েছে নিউইয়র্কে বাংলাদেশি একটি পরিবারে। ছেলে তার সাফল্য দেখাতে পরিবারের সকলকে নিয়ে নিজের গড়া প্রজেক্টে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তার সফলতা দেখে কেউ আর ফিরতে পারেননি। ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন নিউইয়র্কের রাজধানী আলবেনীতে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা যায়। আহত হয়েছেন পরিবারের এক মেয়ে এবং এক বছরের নাতনী। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। হতাহতের ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় আলবেনীর ক্লেভেরাকের নাইনএইচ এলাকায় হাইওয়েতে দুই গাড়ীর মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার মোহাম্মদ হেরামন (৬০) এবং ছেলে মোহাম্মদ নাজুমল রুবেল (২৯) এবং রুবেলের বন্ধু নড়াইল জেলার ফাহিম আলিম (২৭)। এছাড়া আহত হয়েছেন দুর্ঘটনায় নিহত হেরামনের মেয়ে ফাতিমা আক্তার এবং তার ১ বছর বয়সী মেয়ে। আহতরা স্থানীয় একটি হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন । তারা নিউ ইয়র্কের ব্রঙ্কসে বসবাস করেন। এছাড়া স্টকপোর্টের বাসিন্দা ৬২ বছর বয়সী জুলিয়া রিচি ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি বিপরীত দিক থেকে আসা গাড়ির যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
বিভিন্ন সূত্রে জানা যায়, ভ্যান উইক লেনের ঠিক দক্ষিণে স্টেট রুট ৯-এইচ-এ একটি টয়োটা প্রিয়াস রাস্তার মাঝের বিভাজন রেখা অতিক্রম করে। এরপর সেটি বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ক্রাউনকে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই দুই গাড়ির ৪ জন নিহত হন। কলম্বিয়া কাউন্টি শেরিফ অফিস দুর্ঘটনাটি তদন্ত করছে বলে জানানো হয়েছে। বিশেষ করে নিহত বাবা হেরামন, ছেলে রুবেল এবং ফাহিম ব্রঙ্কসের বাসিন্দা ছিলেন। তাদের মৃত্যুতে ঐ এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। 
 গত বুধবার ব্রংকসের বায়তুল আমান ইসলামিক সেন্টারে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।