বিএনপির বাদশা ও রুবেল বিজয়ী
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১১:২৫ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার
বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা ও শেরপুর-৩ আসনে স্থগিত নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বগুড়া থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া সদর আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার রাতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম এই ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি জানান,
শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান কাঁচি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮০ ভোট। এই আসনের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ১৫ হাজার ৭৩৪ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮ এবং বাতিল হয়েছে ২ হাজার ৮৬ ভোট। ভোটের হার ৫২.১৯ শতাংশ।
