মঙ্গলবার   ০৭ এপ্রিল ২০২৬   চৈত্র ২৩ ১৪৩২   ১৯ শাওয়াল ১৪৪৭

সংসদ সদস্যদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৩৩ এএম, ৭ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

ত্রয়োদশ জাতীয় সংসদে বতর্মান সংসদ সদস্য এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

সোমবার (৬ এপ্রিল) কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ৩ হাজার ৩৩০ কোটি ৮ লাখ টাকার খেলাপি ঋণখেলাপি হিসেবে দেখানো হয়নি। শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকাও সংসদে তুলে ধরেন তিনি।

খেলাপি ঋণ আদায়ে সরকার কী ব্যবস্থা নিয়েছে—এমন প্রশ্নে অর্থমন্ত্রী জানান, যেসব ব্যাংকে ১০ শতাংশের বেশি শ্রেণিকৃত ঋণ রয়েছে, সেসব ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনার সঙ্গে প্রতি তিন মাসে বৈঠক করে খেলাপি ঋণ আদায়ের সমস্যা চিহ্নিত করা হচ্ছে এবং সমাধানের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক আয়োজিত প্রতিটি ব্যাংকার্স সভায় শীর্ষ ২০ খেলাপি বা শ্রেণীকৃত ঋণ পুনরুদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে। এ ছাড়া যেসব ব্যাংকে খেলাপি ঋণের হার বেশি, সেগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশিকা প্রণয়ন করেছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের শনাক্ত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকিং কোম্পানি (সংশোধন) আইনের আলোকে একটি নীতিমালা জারি করা হয়েছে।