মার্কিনীদের কাছে ইরান প্রেসিডেন্টের খোলা চিঠি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৭:৩৪ এএম, ৪ এপ্রিল ২০২৬ শনিবার
মার্কিন জনগণের উদ্দেশে একটি খোলা চিঠিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন, আধুনিক ইতিহাসে ইরান কখনো আগ্রাসন, সম্প্রসারণবাদ, উপনিবেশ স্থাপন কিংবা আধিপত্য বিস্তারের নীতি অনুসরণ করেনি। বরং দেশটি সবসময় আত্মরক্ষার অবস্থানে থেকেছে এবং যেকোনো আক্রমণের জবাব দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে দিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি প্রকাশিত ওই চিঠিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান লেখেন, ‘ইরান কখনো আগে কোনো যুদ্ধ শুরু করেনি। তবে যারা ইরানকে আক্রমণ করেছে, তাদের অত্যন্ত দৃঢ়তা ও সাহসিকতার সঙ্গে প্রতিহত করেছে।’
চিঠিতে তিনি ইরানকে ‘নিরাপত্তা হুমকি’ হিসেবে উপস্থাপনের তীব্র সমালোচনা করেন। তার দাবি, ইরানকে আগ্রাসী শক্তি হিসেবে তুলে ধরা ঐতিহাসিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, দেশটির দীর্ঘ ইতিহাস ও সভ্যতাগত পরিচয় মানব ইতিহাসের অন্যতম প্রাচীন ও ধারাবাহিক উত্তরাধিকার বহন করে।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও উল্লেখ করেন, ইরানকে হুমকি হিসেবে চিত্রিত করার পেছনে বহিরাগত রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ কাজ করছে। তার ভাষায়, ক্ষমতাধর কিছু গোষ্ঠী নিজেদের চাপ প্রয়োগকে বৈধতা দিতে, সামরিক প্রভাব বজায় রাখতে, অস্ত্র শিল্প সচল রাখতে এবং কৌশলগত বাজার নিয়ন্ত্রণে রাখতে একটি ‘শত্রু’ তৈরি করার চেষ্টা করছে।
তিনি বলেন, ‘ইরানকে হুমকি হিসেবে দেখানো ঐতিহাসিক বা দৃশ্যমান বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এটি মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের একটি কৌশল।’
চিঠিটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
