বৃহস্পতিবার   ২৬ মার্চ ২০২৬   চৈত্র ১১ ১৪৩২   ০৭ শাওয়াল ১৪৪৭

ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৯ এএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ভূমধ্যসাগরীয় উপকূলের হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে।

বিবিসি কর্তৃক যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া আকাশের দিকে উঠতে দেখা যায়।

বিবিসি স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত করেছে যে, ভিডিওটি সাম্প্রতিক এবং ঘটনাস্থলটি হাদেরার ওই বিদ্যুৎকেন্দ্রেরই। ২০২২ সালে কয়লাচালিত কেন্দ্র থেকে গ্যাসচালিত স্থাপনায় রূপান্তরিত এই কেন্দ্রটি ইসরায়েলের জ্বালানি অবকাঠামোর অন্যতম প্রধান ভিত্তি। বিবিসির তথ্যমতে, ভিডিওটি আজই প্রথম অনলাইনে আপলোড করা হয়েছে।

এদিকে, এই হামলার প্রেক্ষিতে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশনের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও বিদ্যুৎকেন্দ্রটির মূল অবকাঠামোতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের পক্ষ থেকে সরাসরি এই হামলার কথা স্বীকার বা বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো দেওয়া হয়নি। তবে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় ইরানের সক্ষমতার প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।