পবিত্র ঈদুল ফিতরের ঈদ জামায়াত
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:৫৩ পিএম, ২০ মার্চ ২০২৬ শুক্রবার
আগামী ২০ মার্চ শুক্রবার যুক্তাষ্ট্রের বিভিন্ন শহরের মতো নিউইয়র্কেও উদযাপিত হবে এবছরের পবিত্র ঈদুল ফিতর। এদিকে ঈদের দিনের আগাম আনন্দ হিসেবে জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিনসহ বিভিন্ন এলাকায় চাঁদরাত উপলক্ষে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। ঈদ জামায়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। মুসলিম কমিউনিটি ও বিভিন্ন মসজিদের পক্ষ থেকে সিটি মেয়র জোহরান মামদানি, নিউইয়র্ক স্টেটের ডেপুটি গভর্নর, জেনিফার রাজকুমার, জন লু, মিলিন্ডা ক্যাটস, গ্রেস মেং, জেসিকা রামোস, আলেকজান্দ্রিয়া ওকাসিও বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
জ্যামাইকা, জ্যাকসন হাইটস, ওজন পার্ক, উডসাইড, এস্টোরিয়া, ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন, হলিসসহ নিউইয়র্কের বিভিন্ন কমিউনিটির মুসলিমরা বিভিন্ন মসজিদ, ইসলামিক সেন্টার, কমিউনিটি সেন্টার ও মাঠে ঈদ জামায়াতের আয়োজন করেছেন। এসব জামাতে পুরুষদের পাশাপাশি মহিলাদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে। আবার বৃষ্টির কথা বিবেচনায় রেখে খোলা মাঠের বিকল্প জায়গার ব্যবস্থাও রাখা হয়েছে। চলমান শীতের তীব্রতার মাথায় রেখে এবার খোলা জায়গার পরিবর্তে ছাদের নিচেই জামাতো আয়োজন বেশি রয়েছে।
জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) প্রথম জামায়াত অনুষ্ঠিত হবে সকাল আটটায়, দ্বিতীয় জামায়াত সকাল নয়টায় এবং তৃতীয় জামায়াত সকাল দশটায়। এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ঈদের জামায়াত এস্টোরিয়ার ৩৬ স্ট্রিটে খোলামাঠে অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামায়াত সকাল সাড়ে আটটায় এবং তৃতীয় জামায়াত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে নয়টায়। তবে বৃষ্টি হলে মসজিদের ভেতরে নামাজ হবে।
আল আরাফা ইসলামিক সেন্টারের ভেতরে ঈদের তিন জামায়াত অনুষ্ঠিত হবে। প্রথম জামায়াত সকাল সাতটায়, দ্বিতীয় জামায়াত সকাল আটটায় ও তৃতীয় জামায়াত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে পাঁচটি। প্রথম জামায়াত সকাল সাড়ে সাতটায়, দ্বিতীয় জামায়াত আটটায়, তৃতীয় জামায়াত নয়টায়, চতুর্থ জামায়াত দশটায় এবং পঞ্চম জামায়াত ১১টায় অনুষ্ঠিত হবে।
ওজনপার্কের আল ফোরকান মসজিদের উদ্যোগে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে ৭৭ অ্যান্ড গ্ল্যানমার অ্যাভিনিউতে। প্রথম জামায়াত হবে সকাল আটটায় আর দ্বিতীয় জামায়াত সকাল নয়টায়। বৃষ্টি হলে মসজিদের ভেতরে একাধিক জামায়াত হবে। আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার মসজিদের ভেতরে ঈদের জামায়াত হবে। প্রথম জামাত সকাল আটটায়।
ব্রুকলিনে বায়তুল জান্নাহ জামে মসজিদ অ্যান্ড মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের ৫৬৯ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ সিটিতে খোলা রাস্তায় ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রথম জামায়াত হবে সকাল সাড়ে সাতটায়। এক ঘন্টা পরপর ৫টি জামায়াত হবে। বৃষ্টি হলে ঈদের জামাত হবে মসজিদের ভিতরে প্রতি আধঘণ্টা পরপর।
ব্রুকলিনের দারুল জান্না মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ব্রুকলিনের সি অ্যাভিনিউতে চারটি ঈদের জামায়াতের ব্যবস্থা করা হয়েছে। প্রথম জামায়াত সকাল সোয়া সাতটায়, দ্বিতীয় জামায়াত সকাল সাতটা ৪৫ মিনিটে, তৃতীয় জামায়াত সকাল সোয়া আটটায় এবং চতুর্থ জামায়াত সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদের ভেতরেই নামাজের ব্যবস্থা করতে হবে।
ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের জামায়াত সকাল আটটা, পৌনে নয়টা এবং সোয়া নয়টায় অনুষ্ঠিত হবে। জ্যামাইকায় রিয়াজুল জান্নাহ ইসলামিক সেন্টারে ঈদের দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। ইস্ট এলমহার্স্ট জামে মসজিদ অ্যান্ড মুসলিম সেন্টারের প্রথম জামায়াত সকাল আটটায় ও দ্বিতীয় জামাত সকাল নয়টায় হবে।
জ্যামাইকার ১৪৮-১৬. ৮৭ রোডে অবস্থিত দারুস সালাম মসজিদে ঈদের ৪ জামাতের প্রথমটি সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় সাড়ে ৮টায়, তৃতীয় সাড়ে ৯টায় এবং চতুর্থ জামাত সাড়ে ১০ টায় মিনিটে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ জামাতে মহিলাদের নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা থাকবে।
জ্যাকসন হাইটস মুনা সেন্টারের উদ্যোগে মসজিদের পাশে খোলা আকাশের নিচে ঈদুল ফিতরের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টা ৩০ মিনিটে। বৃষ্টি হলে মসজিদের ভিতরে সকাল ৮টা ও ৯টায় জামাত হবে
এছাড়া ওজনপার্কের আল আমান মসজিদ, ফুলতলী জামে মসজিদ, জ্যাকসন হাইটসে আলনূর ইসলামিক সেন্টার, আল নূর ইসলমিক সেন্টার শরিয়া বোর্ড নিউইয়র্ক, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, বাংলাবাজার জামে মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, মোহাম্মদী সেন্টার, দারুল উলম, ইকনা মসজিদের উদ্যোগেও ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে গত শুক্রবার জুমাতুল বিদা উপলক্ষে মসজিদগুলোতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে। একইভাবে লাইলাতুল কদরেও ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদতে অংশ নেন এবং বিভিন্ন মসজিদে ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়।
