মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬   চৈত্র ২ ১৪৩২   ২৮ রমজান ১৪৪৭

একাধিক তরুণীর সঙ্গে প্রেম নিয়ে বিরোধে হত্যা

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:০৯ এএম, ১৭ মার্চ ২০২৬ মঙ্গলবার

একাধিক তরুণীর সঙ্গে প্রেম নিয়ে বিরোধে রাকিব হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশের একাধিক কর্মকর্তা বলেছেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও অপরাধীদের আইনের আওতায় আনতে ইতোমধ্যে মাঠে নেমেছে পুলিশ ও ডিবির একাধিক টিম। 

রোববার সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসেন রাকিব আহমেদ। রাত সোয়া ৯টার দিকে চার-পাঁচজন যুবক তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন রাকিব। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ধাওয়া দিয়ে শিহাব নামের একজনকে আটক করেছে উপস্থিত জনতা। হত্যায় জড়িত থাকার অভিযোগে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। 

জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় ইতোমধ্যে হত্যা মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। যাকে গ্রেফতার করা হয়েছে তিনি হত্যাকাণ্ডে জড়িত। তার সঙ্গে আরও যারা ছিলেন তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। তারা গ্রেফতার হলে ঘটনার সত্যতা সামনে আসবে বলে আশা করছেন ওসি। 

পুলিশের তদন্ত-সংশ্লিষ্টদের ভাষ্যমতে, নিহত রাকিব ছিলেন একজন ভিডিও কনটেন্ট ক্রিয়েটর। নিয়মিত কনটেন্ট তৈরি করায় একাধিক তরুণীর সঙ্গে চলাফেরা করতেন তিনি। অনেকের সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। একাধিক তরুণীর সঙ্গে সম্পর্ক থেকে তৈরি হয় ক্ষোভ, আর এই ক্ষোভ থেকে তাকে হত্যার মতো ঘটনা ঘটতে পারে।

সংশ্লিষ্টরা বলছেন, হত্যায় গ্রেফতার শিহাব জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসেছিলেন। দীর্ঘ সময় প্রেমিকার জন্য অপেক্ষাও করেন। এই সময়ে ঘটনাস্থলে অপরিচিত কয়েকজন যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের সঙ্গে রাকিবকে হত্যায় অংশ নেন তিনি। শিহাবের এই বর্ণনায় ধারণা করা হচ্ছে প্রেমঘটিত দ্বন্দ্বে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।