শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৫০ এএম, ১৪ মার্চ ২০২৬ শনিবার


 
পবিত্র মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত, বরকত ও আত্মশুদ্ধির এক মহাসুযোগ নিয়ে প্রতি বছর ফিরে আসে। সিয়াম সাধনার মাধ্যমে আত্মসংযম, তাকওয়া অর্জন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগানোর পাশাপাশি সৌহার্দ্য-সম্প্রীতি জোরদারের আহ্বানের মধ্য দিয়ে রমজান উপলক্ষে অনুষ্ঠিত হলো ঢাকা জেলা এসোসিয়েশন ইউএসএ ইনক-এর ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (৭ মার্চ) নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সর্বস্তরের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী সপরিপারে অংশগ্রহণ করেন। ফলে অনুষ্ঠানটি কমিউনিটির মিলনমেলার পাশাপাশি ধর্মীয় উৎসবে পরিণত হয়। আয়োজকরা জানান অনুষ্ঠানে ৫০০ জনের ইফতারের আয়োজন করা হয়, সাথে ছিলো ‘সুগন্ধী আতর’ উপহার।