ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৫৩ এএম, ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়। এ কারণে আসন্ন বর্ষা মৌসুমের আগেই সরকার আগামী শনিবার থেকে প্রতি সপ্তাহে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান শুরু করতে যাচ্ছে। এই কার্যক্রমে স্থানীয় প্রশাসন কার্যকর উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, প্রতিটি এলাকার সংসদ সদস্যসহ সর্বস্তরের জনপ্রতিনিধির প্রতি আমার আহ্বান– জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকার বসতবাড়ি ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করুন। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চললে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী জ্বর থেকে জনগণকে রক্ষা করা সম্ভব হবে।
তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে, এডিস মশার কামড়ে মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই ডেঙ্গু প্রতিরোধে আগাম প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া জরুরি। আপনারা জানেন, ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ জনগণের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। অথচ আমরা সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে রক্ষা সম্ভব।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্ষা মৌসুম অর্থাৎ জুন থেকে অক্টোবর পর্যন্ত সাধারণত ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি থাকলেও জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। যে কোনো সময়ই মানুষের ডেঙ্গু আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।
তারেক রহমান বলেন, বর্ষাকালে জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশা জন্মাতে পারে। কীটতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা, নর্দমার মতো যেসব জায়গায় পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো পরিষ্কার করে রাখাই সবচেয়ে কার্যকর উপায়। এ কারণে ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা, বাড়ি বা বাসার ছাদে পানি জমতে দেবেন না। পানির ট্যাঙ্ক ঢেকে রাখা জরুরি। প্রতি সপ্তাহে কমপক্ষে একবার বাড়ি বা বাসার ভেতরে-বাইরে পরিষ্কার রাখুন।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের সরকারের জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতি হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। কোথাও ময়লা পানি জমে থাকতে দেবেন না। নিজের বাসাবাড়ি এবং আশপাশ পরিচ্ছন্ন রাখুন।
