সংসদ ভবন পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:২৬ এএম, ৭ মার্চ ২০২৬ শনিবার
আজকাল রিপোর্ট
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যএশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল এস কাপুর জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। বিএনপি ক্ষমতায় আসার পর এই প্রথম কোন মার্কিন সিনিয়র কর্মকর্তা ঢাকা সফর করলেন।
দূতাবাস জানায়, স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন পল কাপুর এবং রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের স্থপতি লুই কানের নকশায় নির্মিত ভবনটি বাঙালি সংস্কৃতি ও দৃশ্যপট থেকে অনুপ্রেরণা নিয়ে আমেরিকান উদ্ভাবনী সৃজনশীলতার শ্রেষ্ঠ উদাহরণ তুলে ধরে, যা সহযোগিতা ও স্থাপত্য উৎকর্ষতার এক শক্তিশালী প্রতীক।
দুই দিনের সফরে ঢাকায় যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা।
