পাম্পে ঝুলছে ‘তেল নেই’ ঢাকায় ঝাপিয়ে পড়েছে ক্রেতারা
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৬:২৩ এএম, ৭ মার্চ ২০২৬ শনিবার
আজকাল রিপোর্ট
মধ্যপ্রাচ্যের যুদ্ধে ঢাকায় গাড়ীর তেল কেনা নিয়ে হিড়িক পড়েছে। অনেকে ফিরে যাচ্ছেন তেল না পেয়ে। পাম্পে লেখা ঝুলছে ‘তেল নেই’। তাতেই শতশত মানুষের ভিড় লেগেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতির প্রভাব বাংলাদেশের বাজারে পড়তে শুরু করেছে।
রাজধানীসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেলচালকরা ফুল ট্যাংকি করে রাখছেন। ফলে হঠাৎ করে পেট্রোল-অকটেন-ডিজেলের চাহিদা বেড়ে গেছে। এই পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে কিছু পেট্রোল পাম্পের বিরুদ্ধে আংশিক বা পুরোপুরি বন্ধ রাখার অভিযোগও উঠেছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ফিলিং স্টেশন (তেল পাম্প) বন্ধ থাকতে দেখা গেছে। এতে অনেকেই গাড়ির তেল নিতে এসে ফিরে যাচ্ছেন। নীলক্ষেত-নিউমার্কেটের সবকটি তেলের পাম্প বন্ধ থাকতে দেখা গেছে।
৫০০ টাকার বেশি তেল দিচ্ছে না শেওড়াপাড়ার মেসার্স সোবহান ফিলিং স্টেশন। এই পাম্পটিতে মোটরসাইকেল যাত্রীদের দীর্ঘ লাইন থাকে। বৃহস্পতিবার দুপুর থেকেই পাম্পটিতে ভিড়। রাতে মোটরসাইকেল চালকদের বেশি ভিড় ছিল।
গাড়ির তেল নিতে এসে না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকেই। মোস্তফা আহমেদ নামের একজন বলেন, তেল নিতে আসছিলাম। এসে দেখি পাম্প বন্ধ। পাম্পের লোক বলছে তেল নেই। সরকার বলছে আসছে, এরা বলছে নেই। বাংলাদেশের ব্যবসায়ীদের দিয়ে ভরসা নেই। হতে পারে কৃত্রিম সংকট তৈরি করছে।
