শুক্রবার   ০৬ মার্চ ২০২৬   ফাল্গুন ২১ ১৪৩২   ১৭ রমজান ১৪৪৭

আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৫৪ এএম, ৬ মার্চ ২০২৬ শুক্রবার

মেট্রোরেলে এক বা দুই স্টেশন আগে উঠে আসন দখল করে রাখার (লুপ রাইডিং) অভিযোগ উঠেছে যাত্রীদের বিরুদ্ধে। তাই সিট দখল ঠেকাতে মতিঝিল স্টেশনে নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ঢাকা মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম জানান, ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে এবং মতিঝিল স্টেশনে ট্রেন ঘোরানোর (টার্নঅ্যারাউন্ড) পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল আসার পর প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। এখন ট্রেনের সংখ্যা বাড়ানোয় যাত্রীরা সরাসরি মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন। 

তিনি আরও বলেন, কোনও যাত্রী মতিঝিল পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না। তাকে অবশ্যই ট্রেন থেকে নামতে হবে এবং অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।

জানা গেছে, কিছু যাত্রী উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে ওঠেন। তারা মতিঝিল স্টেশনে নামেন না। একই ট্রেনে আবার উত্তরার দিকে যাত্রা শুরু করেন। এর ফলে সচিবালয় বা শাহবাগ স্টেশন থেকে যারা ওঠেন, তারা কোনো আসন খালি পান না।