স্টারমারের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ১২:৫২ এএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার
ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলায় ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে দেরি করায় যুক্তরাজ্যের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানায়, ইরানে হামলার পরিকল্পনায় যুক্তরাষ্ট্র শুরুতে ব্রিটিশ নিয়ন্ত্রিত ঘাঁটি দিয়েগো গার্সিয়া ব্যবহারের অনুমতি চাইলেও লন্ডন তাৎক্ষণিকভাবে সম্মতি দেয়নি। পরে অবস্থান পরিবর্তন করে সীমিত আকারে অনুমতি দেয় যুক্তরাজ্য।
রোববার (১ মার্চ) গভীর রাতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ঘোষণা করেন, মার্কিন বাহিনীকে দিয়েগো গার্সিয়া ঘাঁটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে অভিযান চালানোর অনুমতি দেওয়া হবে। তবে এই অভিযান কেবল ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হবে।
এ বিষয়ে ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের দুই দেশের মধ্যে সম্ভবত এমন পরিস্থিতি আগে কখনও ঘটেনি। মনে হচ্ছে তিনি (স্টারমার) বৈধতা নিয়ে উদ্বিগ্ন ছিলেন। অনুমতি দিতে অত্যন্ত বেশি সময় নেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত দিয়েগো গার্সিয়া ঘাঁটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বিভিন্ন অভিযানে এ ঘাঁটি ব্যবহারের নজির রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইরানকে ঘিরে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের এই অবস্থান কূটনৈতিক সম্পর্কের সূক্ষ্ম ভারসাম্যকেই সামনে এনেছে। বিশেষ করে আন্তর্জাতিক আইন ও সামরিক বৈধতার প্রশ্নে লন্ডনের সতর্ক অবস্থান ওয়াশিংটনের সঙ্গে সাময়িক অস্বস্তির সৃষ্টি করেছে।
