মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে নজরদারি করছে সরকার
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০১:১১ এএম, ২ মার্চ ২০২৬ সোমবার
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ইরান-ইসরাইল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে পর্যাপ্ত সময় নিশ্চিত করা ও যাত্রীদের অসুবিধা কমাতে সরকার নজরদারি করছে।
রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে প্রায় ৫৪টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়েছিল, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটকে প্রভাবিত করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু ফ্লাইটও ছিল। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় আজ থেকে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে।
রাশিদুজ্জামান মিল্লাত বলেন, গতকাল স্থগিত হওয়া ফ্লাইটগুলো ইতোমধ্যে পুনঃনির্ধারণ করা হয়েছে। আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।
স্থগিত ফ্লাইটের সব যাত্রীকে সোমবারের মধ্যে নিজ নিজ গন্তব্যে পাঠানো সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, বিশেষ করে যেসব যাত্রী বিদেশগামী ফ্লাইটে যেতে পারেননি তাদের সার্বিক কল্যাণের বিষয়টি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি বিষয়টি তদারকি করছেন এবং ইফতারসহ প্রয়োজনীয় অন্যান্য সুবিধা নিশ্চিত করার নির্দেশনা দিচ্ছেন। আমরা যাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করেছি।
পরিস্থিতি এখনো পরিবর্তনশীল হওয়ায়, যাত্রীদের বিমানবন্দরে রওনা হওয়ার আগে নিজ নিজ এয়ারলাইন বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে হালনাগাদ ফ্লাইট সূচি নিশ্চিত করার আহ্বান জানান মিল্লাত।
তিনি বলেন, ফ্লাইটগুলো এমনভাবে পুনঃনির্ধারণ করা হচ্ছে যাতে দূরবর্তী এলাকার যাত্রীরাও বিমানবন্দরে পৌঁছানোর জন্য যথেষ্ট সময় পান।
প্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করি সংঘাত আর বাড়বে না। পরিস্থিতি স্থিতিশীল হলে কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে। তবে অবনতি হলে আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
