শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১৫ ১৪৩২   ১১ রমজান ১৪৪৭

সাবেক ছাত্রদল নেতা সরওয়ার ডিএমপি কমিশনারের দায়িত্বে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


 
 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নতুন কেউ যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।
সরওয়ার শেরেবাংলা কৃষি বিশ্বদ্যিালয়ের ৪৫ ব্যাচের মেধাবী ছাত্র। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা ছিলেন। ছিলেন ছাত্রদল থেকে নির্বাচিত ছাত্রসংসদ বাইকসু’র ক্রিড়া সম্পাদক। আওয়ামী শাসনামলে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায়  ডিআইজি পদে তাকে ১২ বছর ওএসডি করে রাখা হয়েছিল। পুলিশ ডিপার্টমেন্টে সরওয়ার সৎ ও কর্মঠ অফিসার হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার এ নতুন দায়িত্বের তথ্য জানানো হয়েছে।

এর আগে ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও তার চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত ছিল।

বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলী বিগত আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি থাকা অবস্থায় ২০১৬ সালের নভেম্বরে চাকরিচ্যুত হন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ভূতাপেক্ষভাবে তাকে চাকরিতে পুনর্বহাল করে। পরে ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পান সাজ্জাত আলী।