বৃহস্পতিবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১৩ ১৪৩২   ০৯ রমজান ১৪৪৭

ওয়াশিংটনে ছুরিকাঘাতে নিহত ৪

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:০৭ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটনে ছুরি হামলায় চারজনকে হত্যা করেছে এক ব্যক্তি। পরে পুলিশের গুলিতে ওই ব্যক্তিও নিহত হন। তার বয়স ৩২ বছর। মঙ্গলবার স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। এ খবর দিয়েছে আল জাজিরা।
এতে বলা হয়, টাকোমা শহরের উত্তর-পশ্চিমের ‘কি পেনিনসুলা’ এলাকার এক বাড়ির সামনে ছুরির আঘাতে চারজনকে হত্যা করা হয়। গণমাধ্যমে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

পিয়ার্স কাউন্টির শেরিফ অফিসে এক ব্যক্তি একটি ‘নো-কন্ট্যাক্ট’ আদেশ (আদালতের নির্দেশ; যা কোনো ব্যক্তিকে অন্য কারও সঙ্গে যোগাযোগ করতে বা নির্দিষ্ট সীমানার মধ্যে যেতে বাধা দেয়) লঙ্ঘন করছেন সন্দেহে অভিযোগ আসার পর সকাল ৮টা ৪১ মিনিটের দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

এর আগে পুলিশ কর্মকর্তারা ‘নো-কন্ট্যাক্ট’ আদেশের একটি অনুলিপি হাতে পান। কিন্তু তারা দেখেন, সেটি এখনো কার্যকর হয়নি। কারণ, সন্দেহভাজন ব্যক্তির কাছে সেটি আনুষ্ঠানিকভাবে পৌঁছে দেয়া হয়নি।
পুলিশ আদেশটি ব্যক্তিগতভাবে সন্দেহভাজনের কাছে পৌঁছে দিতে যায়। কিন্তু সে সময় ৩২ বছর বয়সী ওই ব্যক্তি বাড়ির বাইরে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করেন।

একাধিক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে ওই ব্যক্তি ছুরিকাঘাত শুরু করেন। তিন মিনিট পর পুলিশ হামলাকারীকে নিবৃত্ত করতে গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলেই সন্দেহভাজন হামলাকারী নিহত হন।
এদিকে ছুরিকাঘাতে আহত তিনজন ঘটনাস্থলে প্রাণ হারান। চতুর্থ ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তিনিও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।