সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১০ ১৪৩২   ০৬ রমজান ১৪৪৭

কক্সবাজারে এমপির বহরের গাড়ির ধাক্কায় শিশু নিহত

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৪৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের বহরের গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। রোববার বিকেলে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা একটি গাড়ি ভাঙচুর করে।

নিহত শিশুর নাম খালিদ বিন ওয়ালিদ (৮)। সে বদরখালী ইউনিয়নের তেচ্ছিপাড়ার বাসিন্দা আমান উল্লাহ ও সুমাইয়া জান্নাত দম্পতির ছেলে। ওয়ালিদ স্থানীয় একটি নূরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ কুতুবদিয়া উপজেলায় দলীয় সফর শেষে তিনটি গাড়ি নিয়ে মহেশখালী যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে চিরিংগা-বদরখালী সড়কের বদরখালীর আহমদ কবিরেরঘাটা এলাকায় পৌঁছলে বহরের শেষ গাড়ি শিশু ওয়ালিদকে ধাক্কা লাগে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বেসরকারি বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকার লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গাড়িবহর দ্রুত সটকে পড়ার চেষ্টা করলে তারা একটি টয়োটা ল্যান্ড ক্রুজার আটকে ভাঙচুর করে। এমপি আলমগীর ফরিদের নেতাকর্মীরা স্থানীয় কয়েকজনকে মারধর করে আহত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। খবর পেয়ে চকরিয়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চকরিয়া থানার ওসি মনির হোসেন বলেন, সংসদ সদস্যের গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। সেখানে একটি গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় লোকজন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ বলেন, শিশুকে ধাক্কা দেওয়া গাড়িটি আমার বহরের। তবে এ সময় আমার গাড়ির দূরত্ব ছিল প্রায় এক কিলোমিটার। দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবারের পাশে থাকব।