সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৩ ১৪৩২   ২৮ শা'বান ১৪৪৭

অভিনেত্রী তানিয়া বৃষ্টি অসুস্থ, মাথায় অস্ত্রোপচার

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি গুরুতর অসুস্থ। অভিনেত্রীর মাথায় টিউমার ধরা পড়েছে। আজ রাতে রাজাধানীর একটি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানান নির্মাতা রায়হান খান।

এর আগে তানিয়া বৃষ্টির অফিসিয়াল ফেসবুক পেজে (অ্যাডমিন পোস্ট) তার অসুস্থতার বিষয়টি জানিয়ে বলা হয়, ‘আমাদের সবার প্রিয় তানিয়া বৃষ্টি বর্তমানে শারীরিকভাবে বেশ অসুস্থ। এ মুহূর্তে তার সম্পূর্ণ বিশ্রাম ও চিকিৎসা প্রয়োজন। অনুরোধ করছি, শুটিং বা কাজ সংক্রান্ত বিষয়ে আপাতত ফোনকল/ খুদে বার্তা দিয়ে বিরক্ত না করার জন্য। সুস্থ হয়ে উঠলে ইনশা আল্লাহ নিজে থেকেই সবাইকে জানানো হবে।’

শনিবার হাসপাতালের বেডে বসা একটি ছবি পোস্টে তিনি লিখেছেন, ‘ভালোবাসা দিবসের শুভেচ্ছা। আমার পরিবারের পক্ষ থেকে ফুল। ভালোবাসি। কাল আমার মাথায় অস্ত্রোপচার, দোয়া করবেন সবাই। ব্রেন টিউমার।’

আজ হাসপাতাল থেকে নির্মাতা রায়হান খান সমকালকে বলেন, ‘বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তানিয়া। কখনো তীব্র মাথাব্যথা অনুভব করতেন, কখনো বা জ্বর-ঠান্ডা লেগে থাকত তার। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, তানিয়া ব্রেন টিউমারে আক্রান্ত।’

তিনি বলেন, ‘আজ রাজাধানীর একটি হাসপাতালে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমারের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ রাতটা পোস্ট অপারেটিভে রাখা হবে। সোমবার যেকোনো সময় তাঁকে কেবিনে নেওয়া হতে পারে।’