শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

বর সেজে ভোট ও বিয়ে

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৩:০৩ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


 
 
বিয়ের দিনই ভোট কিংবা ভোটের দিনেই বিয়ে। যেভাবেই কথাটা বলা হোক না কেন, দিনটি যে গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিলেন নীলফামারী-৪ আসনের সৈয়দপুর পৌরসভা এলাকার ভোটার সামিউল নামের এক যুবক। পরনে বিয়ের শেরওয়ানি, মাথায় পাগড়ি পরা ওই যুবক সপরিবারে ভোট দিয়ে ভোট উৎসব রীতিমতো উদ্যাপন করেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট চলছিল বৃহস্পতিবার। বেলা ১২টার দিকে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ভোট ছিল পাইলট উচ্চ বিদ্যালয় (বাংলা স্কুল)। এই কেন্দ্রে পুরুষ ভোটার ছিল ৩ হাজার ৫৩৯। ভোটকেন্দ্রে বিয়ের সাজে ভোট দেন ওই যুবক।

সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর সরকারপাড়া এলাকার বাসিন্দা সামিউল ইসলাম মো. মনজুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, বিয়ের দিনেও ভোট দিতে আসার এই সিদ্ধান্ত নিয়ে তিনি তরুণ ও যুবসমাজের কাছে দায়িত্বশীল নাগরিকতার এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

ভোট দেয়ার পর সামিউল ইসলাম উপস্থিত সাংবাদিকদের বলেন, আমার প্রথম ভোট ছিল ২০১৮ সালের। সেদিন প্রথম ভোট প্রদান করতে এসে জানতে পারি আমার ভোট কে বা কারা প্রদান করে চলে গেছে। জীবনের প্রথম ভোট দিতে এসেও নিজে ভোট দিতে পারিনি। সেই ক্ষোভে ২০২৪ সালেও আর ভোট দিতে কেন্দ্রে যাইনি। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার যখন ত্রয়োদশ নির্বাচনের ঘোষণা দিয়ে বলেছিল বাংলাদেশের নির্বাচন এবার ইতিহাস সৃষ্টি করবে। তখনই সিদ্ধান্ত নিয়েছি জীবনের প্রথম ভোটটি ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি প্রদান করবো ও ভোটের দিন ধুমধাম করে বিয়ে করে ঘরে নতুন বউ আনবো। পরিবারের সকলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে আজ আমার জীবনের স্বপ্ন পূরণ করলাম।
ভোট প্রদান শেষে সামিউল বরযাত্রীর বহর নিয়ে বিয়ের জন্য রংপুরের তারাগঞ্জে রওনা দেন কনের বাড়িতে।