জামায়াত-এনসিপির হেভিওয়েটদের ভরাডুবি
আজকাল রিপোর্ট -
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:৫০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
টান টানা উত্তেজানার ভোটে শেষ পর্যন্ত পরাজিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের এনসিপি ও এবি পার্টি সহ এক ডজন হেভিওয়েট প্রার্থী। এ তালিকায় রয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এনসিপি নেতা সারজিস আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ ব্যক্তি মাওলানা মামুনুল হক।
খুলনা-৫ আসনের নির্বাচনে জামায়াতে ইসলামীর দ্বিতীয় শীর্ষ ব্যক্তি দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২ হাজার ৭০২ ভোটে হারেন বিএনপির আলী আসগার লবির কাছে। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। নির্বাচনে তিনি বেহেস্তের টিকেটদাতা হিসেবে সমালোচিত ছিলেন।
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হেরেছেন ১৮ হাজার ১৪০ ভোটে। শাপলাকলি প্রতীকে সারজিস পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। প্রতিদ্বন্ধী নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮৬ হাজার ১৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
ঢাকা-১৩ আসনে মামুনুল হক ৩৭১২ ভেটে হেরেছেন ববি হাজ্জাজের কাছে। ১১-দল সমর্থিত প্রার্থী রিক্সা প্রতীকে মাওলানা মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৮৮৯ ভোট। বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ববি হাজ্জাজ ৯০ হাজার ৬০১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির প্রার্থী মো. নাছির চৌধুরীর কাছে হেরেছেন জামায়াতের আরেক হেভিওয়েট প্রার্থী আইনজীবি ব্যারিস্টার মোহাম্মদ শিশির মনির। দাঁড়ি পাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। ধানের শীষ মো. নাছির চৌধুরী পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। নির্বাচনে তিনি ‘পূজা ও রোজা এপিঠ ওপিঠ’ খ্যাতি অর্জন করেন।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতবদিয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আজাদও বড় ব্যবধানে হেরে গেছেন। হামিদুর রহমান আজাদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট। বিজয়ী প্রার্থী ধানের শীষের আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ ৩৫ হাজার ৬২৮ ভোট পেয়েছেন।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করা ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।
এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারি ৫ হাজার ভোটে হেরেছেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাসের কাছে। তিনি ডার্বি নাসির হেসেবে খ্যাতি পান এই নির্বাচনে।
