শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ১ ১৪৩২   ২৬ শা'বান ১৪৪৭

যুক্তরাজ্যে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী শাবানা মাহমুদ!

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০২:৪০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


 
 
যুক্তরাজ্যের রাজনৈতিক অস্থিরতার মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। লেবার পার্টির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে তিনি এখন দলের সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে দেখা হচ্ছে। যদি তিনি নেতৃত্ব পান, যুক্তরাজ্যের ইতিহাসে তিনি হবেন প্রথম মুসলিম প্রধানমন্ত্রী।

এ পরিস্থিতি তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথি প্রকাশ এবং ওয়াশিংটনে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনের নিয়োগকে কেন্দ্র করে। এই ঘটনায় প্রধানমন্ত্রী  কিয়ার স্টারমারের ওপর চাপ বাড়ছে এবং লেবার পার্টির উচ্চ পর্যায়ে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা তীব্র হয়েছে।

শাবানা মাহমুদ পাকিস্তানি বংশোদ্ভূত, ৪৫ বছর বয়সী এবং লেবার সরকারের প্রভাবশালী নেত্রী। ২০২৫ সাল থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি আইনজীবী পেশা ত্যাগ করে রাজনীতিতে আসেন। ২০১০ সালে তিনি নির্বাচিত হন এবং তখন থেকেই যুক্তরাজ্যের প্রথম নারী মুসলিম এমপিদের মধ্যে একজন হিসেবে পরিচিতি পেয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শাবানা কঠোর অভিবাসন নীতি সমর্থন করেছেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে তার নেতৃত্ব নিয়ে চলা আলোচনা এখন লন্ডনের ওয়েস্টমিনস্টারকে সরগরম করে তুলেছে। স্টারমারের ওপর চাপ বাড়ার সঙ্গে সঙ্গে শাবানার নাম আরও জোরালোভাবে উঠে আসছে।