গণতন্ত্রে ফেরার দিন আজ
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০৮:২৯ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর থেকে শুরু হয় ভিন্নমতাবলম্বীদের দমন। সারাদেশে বিরোধী শিবিরের ওপর চলে গুম-খুন, নির্যাতন-নিপীড়ন। ক্ষমতা কুক্ষিগত করে রাখতে বাতিল করা হয় নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা। গণতন্ত্র হয় নির্বাসিত। পরপর তিনটি প্রহসনের নির্বাচন আয়োজন করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় থেকে যায় আওয়ামী লীগ। এমন বৈরী পরিবেশেও চলে বিএনপিসহ বিভিন্ন দলের আন্দোলন-সংগ্রাম। অবশেষে ২০২৪ সালে ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনে দেড় দশকেরও বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। সেই হিসেবে আজ গণতন্ত্রে ফেরার দিন।
সারাদেশে আজ একযোগে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোটও। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবার এক ব্যালটে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হবেন, অন্য ব্যালটে জুলাই অভ্যুত্থান বাস্তবায়নে গণভোট। ভিন্ন দুটি রঙে পৃথক বাক্সে পড়বে দুই ব্যালট পেপার। গতকাল বুধবার সন্ধ্যার মধ্যে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটের সব সরঞ্জাম পৌঁছে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট নিতে প্রস্তুত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারসহ সংশ্লিষ্ট সবাই। ভোট উৎসবে শামিল হতে গত মঙ্গলবার থেকেই বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে নিজ নিজ এলাকার উদ্দেশে ছুটতে দেখা গেছে ভোটারদের। ভোট উপলক্ষে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ভোটারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটের পরিবেশ স্বাভাবিক-সুষ্ঠু রাখতে মাঠে সক্রিয় রয়েছেন সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য। গতকাল বুধবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন কেন্দ্রে সেনাবাহিনী, র্যাব, বিজিবির টহল দেখা গেছে। ভোটের আগের দিন গতকাল বুধবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে জয়-পরাজয় মেনে নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বিকাল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষের পর শুরু হবে গণনা। এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট থাকায় ফল প্রকাশে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে ইসি। নির্বাচন আয়োজনকারী এ প্রতিষ্ঠানটি বলছে, তারা আশা করছে আগামীকাল শুক্রবার সকালের মধ্যে অধিকাংশ আসনের ফল ঘোষণা করা সম্ভব হবে। এবারের নির্বাচনে ৬০ থেকে ৭০ শতাংশ ভোট কাস্টিং হবে বলে প্রত্যাশা করছে ইসি।
এদিকে দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ভোটারদের উপস্থিতি বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবং ইসি কর্তৃক নিবন্ধন স্থগিত হওয়ায় ভোটের মাঠে নেই আওয়ামী লীগ। দলটির হাই কমান্ড থেকে তাদের ভোটারদের কেন্দ্রে যেতে বারণ করা হয়েছে। তাই আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত কেন্দ্রে না গেলে এর প্রভাব পড়তে পারে ভোটে। এ ছাড়া নারী, সংখ্যালঘু ভোটারদের নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের কথা শোনা গেছে।
যদিও নির্বাচন কমিশন ও সরকার থেকে ভোটারদের নিরাপত্তার বিষয়ে নিশ্চিত করা হয়েছে। তবুও রাজনৈতিক গুমোট পরিবেশের কারণে অনেকে কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন বলে জানা গেছে। এ জন্য ভোটার উপস্থিতিকে বড় চ্যালেঞ্জ ি সেবে দেখছেন প্রার্থীরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৬০টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল। আওয়ামী লীগ এবং এর জোটসঙ্গী আরও ৮টি দল এবারের নির্বাচনে নেই। মোট প্রার্থী রয়েছেন ২ হাজার ৩৪ জন। তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি; ধানের শীষ প্রতীকে লড়ছেন ২৯০ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮ জন প্রার্থী দিয়েছে হাতপাখা প্রতীকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২৮ প্রার্থী লড়াই করছেন দাঁড়িপাল্লা প্রতীকে। জাতীয় পার্টির ১৯৮ প্রার্থী লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় নাগরিক পার্টির ৩২ জন প্রার্থী শাপলা কলি প্রতীকে আছেন ভোটের মাঠে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ফুটবল প্রতীকে লড়ছেন।
ঐতিহাসিক এ নির্বাচনে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সকাল ১০টায় তিনি ভোট প্রদান করবেন বলে জানা গেছে। এ ছাড়া সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে কথা বলবেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ভোট দেবেন মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে।
আগামীর বাংলাদেশ গঠনে নিজ রায় প্রদানে এবারই প্রথম সুযোগ পাচ্ছেন প্রবাসী ভোটাররা। তারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে পছন্দের প্রার্থী নির্বাচিত করবেন। প্রবাসীদের জন্য ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠায় ইসি। এর মধ্যে ৫ লাখ ৪৩ হাজার ৪৯৯ জন ব্যালট গ্রহণ করেন। আর ভোট দিয়েছেন ৫ লাখ ৩১ হাজার ২১৪ জন। দেশে পোস্টাল ব্যালট পৌঁছেছে ৪ লাখ ৯১ হাজার ৬১৫টি। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ২৪৩টি ব্যালট রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেছেন। আজ বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার হাতে যে সব ব্যালট পৌঁছাবে, কেবল সেগুলোই গণনা করা হবে। অন্যদিকে দেশের অভ্যন্তরে থাকা নির্বাচনসংশ্লিষ্ট কাজে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, কারাবন্দি এবং স্বশরীরে অক্ষম ব্যক্তিরাও পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন।
এবার মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।
আজ বাংলাদেশের ভোটাররা তাদের আগামী রাষ্ট্র পরিচালনার জন্য ২৯৯ জন প্রার্থীকে নির্বাচিত করবেন। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুতে নির্বাচন স্থগিত থাকায় পরবর্তী তফসিলে আসনটির সংসদ সদস্য নির্বাচিত হবেন। আজকের এ নির্বাচনের মধ্য দিয়ে নতুন যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এ ছাড়া গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে সংশোধন করা হবে সংবিধান। এক কক্ষবিশিষ্ট পার্লামেন্ট থেকে দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের যুগে প্রবেশ করবে বাংলাদেশ। এবারের নির্বাচন তাই অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। সরকার এ নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছে। শেষ পর্যন্ত ভোটারদের অংশগ্রহণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয়ের দিকে হাঁটবে দেশ।
