শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৯ শা'বান ১৪৪৭

হাসনাতকে ঠেকাতে বিএনপি কর্মীরা চড়ছেন ট্রাকে

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


 
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ার পর স্থানীয় নেতাকর্মীরা হতাশার মধ্যে পড়েছেন। এমন একটি প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের মাঠে নিজেদের প্রার্থী না থাকায় অনেকটা ক্ষুব্ধ তারা। এ অবস্থায় কেন্দ্র থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার জন্য মৌখিক নির্দেশনা এসেছে বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভোটে জসিম উদ্দিনের ‘ট্রাক প্রতীকের’ পক্ষে কাজ করতে নেতাকর্মীদের বলছেন। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, কেন্দ্র থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ট্রাক প্রতীকের পক্ষে কাজ করতে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা ট্রাক প্রতীকে সমর্থনের বিষয়টি এরই মধ্যে স্থানীয় নেতাদের জানিয়ে দিয়েছেন। কুমিল্লা-৪ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর করা অভিযোগে ‘ঋণ খেলাপির তথ্য গোপনের কারণে’ বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের আদেশ দেয় আদালত। ফলে এ আসনে বর্তমানে বিএনপির কোনো প্রার্থী নেই।
এদিকে ভোটের দিন এগিয়ে আসায় দেবিদ্বারে অন্য প্রার্থীদের প্রচার বেশ জমে ওঠেছে। বিশেষ করে এনসিপির হাসনাত আব্দুল্লাহ নিজের ও জোটের নেতাকর্মীদের নিয়ে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন। ট্রাক প্রতীকে ভোট চাইছেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।