শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৯ শা'বান ১৪৪৭

যুক্তরাষ্ট্রে বাণিজ্য চুক্তিতে উপদেষ্টার অনুপস্থিতি

আজকাল রিপোর্ট -

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৯ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার


 
যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক মোকাবিলা এবং বাণিজ্যিক সম্পর্ক সুসংহত করতে আগামী ৯ ফেব্রুয়ারি ওয়াশিংটনে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এক দিন আগে ৮ ফেব্রুয়ারি। তবে এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকছেন না বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে একটি গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন উপদেষ্টা ও সচিব । বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ চুক্তি অনুষ্ঠানে না এসে তিনি জাপানে চলে গেছেন বলে জানা যায়।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ওয়াশিংটনে অনুষ্ঠেয় এই সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। 
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের দুই যুগ্ম সচিব ফিরোজ উদ্দিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, সিনিয়র সহকারী সচিব শেখ শামসুল আরেফীন এবং এনবিআর কমিশনার রইছ উদ্দিন খান।  গত ৩ ফেব্রুয়ারি জারি করা সরকারি আদেশ অনুযায়ী, আজ শুক্রবার দলটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং ১০ ফেব্রুয়ারি দেশে ফিরবে। এদিকে বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।।