শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৪ ১৪৩২   ১৯ শা'বান ১৪৪৭

নতুন এমপিদের শপথ পড়াবেন কে ?

আজকাল রিপোর্ট

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ১২:৫৮ এএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার



ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বর্তমান সাংবিধানিক বাস্তবতায় নব-নির্বাচিত এমপিদের শপথ পড়ানোর দায়িত্ব প্রধান নির্বাচন কমিশনারই পালন করবেন।” তিনি বলেন, “জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ কার্যত শূন্য থাকায় সংবিধানের বিশেষ বিধান অনুযায়ী সিইসি এই দায়িত্ব পালন করতে পারবেন।”
সংবিধান অনুযায়ী, সাধারণত আগের সংসদের স্পিকার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গত ২ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বর্তমানে কারাগারে থাকলেও তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি। সংবিধানের ৭৪(৬) অনু”েছদে বলা হয়েছে, নতুন স্পিকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত আগের স্পিকার বা ডেপুটি স্পিকারকে পদে বহাল রয়েছেন বলে গণ্য করা হবে।
তবে সংবিধানের ১৪৮ (২ক) অনু”েছদ অনুযায়ী, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ শপথ পড়াতে ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাতে পারবেন।
এ ছাড়া সংবিধানের তফসিল-৩ অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়েই দায়িত্ব পালনে অক্ষম হলে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়ানোর ক্ষমতা রাখেন।
নির্বাচিত সংসদ সদস্যরা দ্রুততম সময়ে শপথ গ্রহণ করবেন। রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে মন্ত্রিসভা গঠনের জন্যে আহ্বান জানাবেন। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে নতুন সংসদ সদস্যরা দ্বৈত দায়িত্ব পালন করবেন। তারা জাতীয় সংসদে সাধারন দায়িত্ব পালন তথা আইন প্রণয়নের কাজ করবেন। পাশাপাশি, সাংবিধানিক সংস্কার পরিষদ হিসাবেও সংসদ সদস্যরা দায়িত্ব পালন করবে। অর্থাৎ তারা প্রতিষ্ঠানিক কী কী সংস্কার করা যায় সে বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করবেন। প্রয়োজনে সংবিধান সংশোধন করবেন।