বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২২ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০৭:৫০ এএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২ ফেব্রুয়ারি বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করা হয় তদন্ত প্রতিবেদন।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, জাহানারার তোলা অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিশেষ করে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন। তদন্ত কমিটি চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগের সত্যতা পেয়েছে। দুটি অভিযোগই সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।

তদন্ত কমিটি জানিয়েছে, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘হয়রানি’র পর্যায়ে পড়ে। তদন্ত প্রতিবেদন অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি।