বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৬ শা'বান ১৪৪৭

আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:৩০ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) আইডি হ্যাকিংয়ের শিকার হওয়ার পর এবার সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের এক্স (টুইটার) আইডিতে সাইবার হামলা হয়েছে। দুর্বৃত্তরা হ্যাকিংয়ের পর তার আইডি থেকে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে জানিয়েছে দলটি। এ বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব কথা বলেন।

তিনি বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক জামায়াতে ইসলামীর নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হচ্ছে।


তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা রাত ৮টা ৩১ মিনিটের দিকে অ্যাকাউন্টটিতে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে একটি পোস্ট দেয়। বিষয়টি কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করা হয়। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দুষ্কৃতিকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে। যারা এমন গুরুতর অপরাধে লিপ্ত, তারা যতই ক্ষমতাধর হোক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।