বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২১ ১৪৩২   ১৬ শা'বান ১৪৪৭

হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প

সাপ্তাহিক আজকাল

প্রকাশিত : ০১:২৮ এএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের তহবিল ছেঁটে ফেলা, বিধিনিষেধ আরোপসহ বিভিন্ন নেতিবাচক পদক্ষেপের মুখে পড়েছে হার্ভার্ড। এবার এই তালিকায় যুক্ত হলো অবিশ্বাস্য পরিমাণ ক্ষতিপূরণের দাবি।

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের ক্ষতিপূরণের মামলা করবেন এবং ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর কোনো লেনদেন করতে চান না।

সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের একটি পোস্টের মাধ্যমে তিনি এই বার্তা দেন।

ট্রাম্পের এই ঘোষণা এক দীর্ঘ আদালতী লড়াইকে আরও তীব্র করেছে। তার প্রশাসন হার্ভার্ডকে লক্ষ্য করে উচ্চশিক্ষা খাতে প্রভাব বিস্তার এবং শিক্ষার্থী ও অধ্যাপকদের সমাজতান্ত্রিক ও মার্কিনবিরোধী মতাদর্শের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ করে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এবং বৈচিত্র্য ও সমতা উদ্যোগকে লক্ষ্য করে এই বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে ট্রাম্পের তিরস্কার চলছে। 

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, হার্ভার্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে চলমান আইনি লড়াই ও দরকষাকষি শেষ করার জন্য ট্রাম্প তার প্রশাসনকে বিশেষ নির্দেশনা দিয়েছেন।

ক্ষতিপূরণের দাবি যেন কমিয়ে ২০০ মিলিয়ন ডলার করা হয়, সেটা নিশ্চিত করেছেন ট্রাম্প। আপাতদৃষ্টিতে এটা হার্ভার্ডের জন্য ইতিবাচক মনে হলেও আদতে ঘটনা সেদিকে গড়ায়নি।

প্রতিবেদন প্রকাশের ছয় ঘণ্টা পর ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করে এই ঘটনার প্রতিবাদ জানান। ট্রাম্প দাবি করেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে ভুল তথ্য দেওয়া হয়েছে।

তিনি হার্ভার্ড ও সংবাদমাধ্যমের কড়া সমালোচনা করে বলেন, ২০০ বা ৫০০ মিলিয়ন না, একবারে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইবেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমরা এখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষতিপূরণ হিসেবে ১ বিলিয়ন ডলার চাইবো। পাশাপাশি, ভবিষ্যতে ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আর কোনো ধরনের লেনদেন হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, এটা এখন ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে এবং হার্ভার্ডকে তাদের অপকর্মের পরিণতি ভোগ করতে হবে।