শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

আইএমএফের প্রথম নারী প্রধান উপদেষ্টা গীতা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৬:০১ পিএম, ৯ জানুয়ারি ২০১৯ বুধবার

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন গীতা গোপীনাথ।

গত সপ্তাহে আইএমএফের দায়িত্ব গ্রহণ করেন গীতা। কলকাতার মেয়ে গীতাই প্রথম নারী, যিনি আইএমএফের শীর্ষ পদে বসলেন।

অবশ্য এর আগেই অর্থনীতিবিদ হিসেবে গত বছর অক্টোবরে আইএমএফে যোগ দেন ৪৭ বছর বয়সী গীতা।

গত বছরের ৩১ ডিসেম্বর আইএমএফের অর্থনৈতিক কাউন্সিলর ও গবেষণা বিভাগের ডিরেক্টর পদ থেকে অবসর নেন মরি ওবস্টফেল্ড। তার জায়গায় স্থলাভিষিক্ত হন গীতা।

বর্তমানে হার্ভার্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন গীতা। ইউনিভার্সিটি গেজেটে সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। তাতে আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টিন ল্যাগার্দের ভূয়সী প্রশংসা করেন তিনি।

তিনি জানান, আইএমএফের প্রথম নারী উপদেষ্টা পদে বসতে চলেছেন তিনি। যার পুরো কৃতিত্বটাই ল্যাগার্দের। নেত্রী হিসেবে তার তুলনা হয় না। সারা বিশ্বের নারীদের কাছে অনুপ্রেরণা তিনি।

গীতা ১৯৭১ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। তার মা-বাবা কেরালার তবে বড় হয়েছেন মহীশূরে। দিল্লির লেডি শ্রীরাম কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক শেষে দিল্লি স্কুল অব ইকোনমিকস থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পরে অর্থনীতিতে ডক্টরেট করেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটন এবং প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে।

২০১০ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের স্থায়ী অধ্যাপিকা নিযুক্ত হন গীতা। পরে ২০১৬ সালে তাকে কেরল সরকারের অর্থনৈতিক উপদেষ্টা করা হয়।