এক বছরের কৃষ্ণাঙ্গ শিশুকে লাথি দিলেন শ্বেতাঙ্গ মডেল!
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
যুক্তরাষ্ট্রে ক্যানসাস শহরে আফ্রো-আমেরিকান এক শিশুকে লাথি মারার অভিযোগে দেশটির জনপ্রিয় মডেল ট্র্যাস অ্যাডাম রিফ আটক হয়েছেন।
দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে, সপ্তাহখানেক আগের ওই বর্ণবাদী ঘটনায় ৩১ বছর বয়সী রিফকে আটক করা হয়। তবে সাড়ে তিন হাজার ডলার জামানতের বিনিময়ে কয়েক ঘণ্টার মধ্যেই জেল থেকে ছাড়া পান তিনি।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শিশুটি ওই সময় মায়ের সঙ্গে স্থানীয় একটি গ্রোসারি শপে অবস্থান করছিল। রিফের আক্রমণে শিশুটি মেঝেতে পড়ে যায়। এ সময় রিফ বর্ণবাদী মন্তব্যও করেন।
আক্রান্ত শিশুটির মা ল্যাসাতাই হুটেকার সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেন, এমন ঘটনার পর রিফকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি।
এর পর তার সঙ্গে দেখা করতে অনেকেই আসেন। সান্ত্বনা দেন। ওই গ্রোসারি শপের মালিক শিশুটির জন্য উপহার নিয়ে যান।
এ ঘটনায় রিফের পরিবার বলছে, তার মানসিক ও শারীরিক সমস্যা রয়েছে। তাকে বছরখানেক গৃহহীন অবস্থায়ও কাটাতে হয়েছে। যে কারণে তার শরীর ও মন এখন রোগাক্রান্ত।
এদিকে স্থানীয় ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। রিফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হতে পারে।
উল্লেখ্য, রিফের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে আগে থেকে। এর মধ্যে আছে মাদক নিয়ে ঝামেলা, সরকারি কর্মকর্তাদের আঘাত ও পারিবারিক কলহ। তিনি কয়েকবার আটকও হয়েছিলেন।
