শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ২৯ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

বিশ্বের পাঁচ দেশে গ্রাউন্ড স্টেশন গড়ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৭ জানুয়ারি ২০১৯ সোমবার

চীনকে মোকাবেলায় প্রতিবেশী পাঁচ দেশে গ্রাউন্ড স্টেশন স্থাপন করছে ভারত। ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা ও বাংলাদেশে এসব গ্রাউন্ড স্টেশন তৈরি করা হবে। একইসঙ্গে দেশগুলোতে পাঁচ শতাধিক ছোট ছোট টার্মিনাল স্থাপন করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

 

শনিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ছাড়াও এমন পদক্ষেপে আদতে ভারতেরই লাভ হবে। এসব স্টেশন এবং টার্মিনালের সাহায্যে টেলিভিশন সম্প্রচার, টেলিযোগাযোগ, ইন্টারনেট, দুর্যোগ ব্যবস্থাপনা ও টেলি-মেডিসিনের সুবিধা পাওয়া যাবে। এ প্রকল্প বাস্তবায়নে প্রতিটি দেশে ভারতের খরচ হবে ৫ থেকে ৬ কোটি রুপি।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, প্রথম গ্রাউন্ড স্টেশনটি ভুটানের রাজধানী থিম্পুতে নির্মাণ করা হবে। আগামী ১৫ জানুয়ারি এর উদ্বোধন হতে পারে। ভারতীয় একটি প্রতিষ্ঠান আলফা ডিজাইন টেকনোলজিস এ প্রকল্প বাস্তবায়ন করছে, যারা গ্রাউন্ড স্টেশনের সঙ্গে ১০০টি ভিস্যাট (ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল) সংযোগের বিষয়টি দেখভাল করছে।

এর ফলে ভুটানের প্রত্যন্ত এলাকার মানুষ প্রথমবারের মতো টেলিভিশন সম্প্রচার দেখতে পারবেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ধারণা করা হচ্ছে, স্যাটেলাইটের ওপর নজরদারির জন্য তিব্বতে চীনের যে স্থাপনা রয়েছে তা মোকাবেলায় থিম্পুতে এই গ্রাউন্ড স্টেশন তৈরি করছে ভারত।

ইসরো’র চেয়ারম্যান শিবান কে বলেন, আমাদের স্যাটেলাইট সার্ভিসের সুফল নিতে সাহায্য করতে দেশগুলোতে আমরা প্রতিনিধি পাঠাব। আমাদের এ পরিকল্পনার বিষয়ে গত ১২ ডিসেম্বর দিল্লিতে এসব দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছি।

টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের একটি দল ওই প্রজেক্ট চূড়ান্ত করতে ভারত সফর করেছে। বাংলাদেশজুড়ে কমপক্ষে ১০০টি টার্মিনাল থাকবে। সম্ভবত ঢাকায় একটি বড় গ্রাউন্ড স্টেশন তৈরি করা হবে। মালদ্বীপের জনবসতিপূর্ণ ২০০ দ্বীপের জন্য ১০০টি দুর্যোগ ব্যবস্থাপনা সেন্টার প্রতিষ্ঠার ব্যাপারে দেশটি আগ্রহ প্রকাশ করেছে।