শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

ফাইনালে চোখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

গত আসরে টুনামেন্ট জুড়ে ভালো খেলেও ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে এবার স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে চায় না দলটি। ম্যাচ বাই ম্যাচ খেলে তারা নিশ্চিত করতে চায় ফাইনালে। সেদিকেই নজর রাখছে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার দলের অনুশীলন শেষে এমনটাই জানালেন দলের ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েস।

অনুশীলন শেষে নিজেদের লক্ষ্য নিয়ে ইমরুল বলেন, ‘গত বছরটি দুর্ভাগ্যজনক ছিলো। আমারে প্রথম রাউন্ড দেখেছিলেন যে আমরা বেশ ভালোভাবে শেষ করেছি। দুটি ম্যাচ দুর্ভাগ্যজনকভাবে আমরা হেরে গিয়েছি। কুমিল্লায় আমি গত চার পাঁচ বছর খেলেছি। আমারে প্রত্যেকটি বছরই লক্ষ্য থাকে ম্যাচ বাই ম্যাচ খেলার এবং ফাইনালে খেলা। আমার কাছে মনে হয় এই বছর আমাদের সবার লক্ষ্য আছে ফাইনালে খেলার এবং সবাই ওভাবেই মানসিকভাবে প্রস্তুত আছে। এবারের টুর্নামেন্টে কুমিল্লা ভালো একটি দল বানিয়েছে আমি আগেও বলেছি। সুতরাং সবাই অনেক আশাবাী যে আমরা ভালো কিছু করতে পারবো।’

বিগত আসরগুলোর তুলনায় এবার তারকায় ঠাসা ফ্র্যাঞ্চাইজিগুলো। যার কারণে এবারের বিপিএলকে বেশ প্রতিযোগিতাপূর্ণ বলছেন ইমরুল কায়েস। তার কথায়, ‘অবশ্যই ভালো প্রতিযোগিতা হবে। আপনি যদি দেখেন বিপিএল থেকে কিন্তু আমাদের অনেক তরুণ প্রতিভাবান ক্রিকেটার আসছে। আমার কাছে মনে হয় প্রত্যেক বিপিএলেই কিন্তু আমাদের স্থানীয় ক্রিকেটাররা সেরা পাঁচে থাকে। এটি অবশ্যই আমাদের ক্রিকেটের জন্য একটি ভালো দিক। আশা করি, এবছরও সেরা পাঁচে থাকবে আমাদের স্থানীয় ক্রিকেটাররা।’

ইমরুল যোগ করেন, ‘আর এত বড় বড় ক্রিকেটারের সাে খেললে এবং ড্রেসিংরুম শেয়ার করলে অনেক অভিজ্ঞতা অর্জন হয়। আমার মনে হয় এই জিনিসগুলো আমরা যদি সঠিকভাবে ওদের কাছ থেকে নিতে পারি, আমার কাছে মনে হয়, আমাদের জাতীয় দলের জন্য অনেক সাহায্য হবে।’