পাকিস্তানের জন্য চারটি অত্যাধুনিক রণতরী বানাচ্ছে চীন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পাকিস্তানের জন্য চারটি অত্যাধুনিক রণতরী তৈরি করছে দেশটির দীর্ঘদিনের মিত্র চীন। কৌশলগত ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য দুই দেশের মধ্যে বিশাল সামরিক অস্ত্র চুক্তির অংশ এটি।
বুধবার এনডিটিভির এক খবরে বলা হয়, আধুনিক প্রযুক্তি ও অস্ত্র সুবিধা সম্পন্ন এই যুদ্ধজাহাজগুলোতে জাহাজ, সাবমেরিন ধ্বংস এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চীনা স্টেট শিপ বিল্ডিং করপোরেশনের (সিএসএসসি) বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে চীনা ডেইলি।
খবরে বলা হয়, যুদ্ধজাহাজগুলোতে চীনা নৌ বাহিনীর ব্যবহৃত সবচেয়ে আধুনিক গাইডেড মিসাইল ফ্রিগ্রেট থাকবে। রণতরীগুলো কোন প্রকৃতির হবে তা উল্লেখ করেনি সিএসএসসি। তবে তারা বলছে, সাংহাইয়ে হুদং-জংহুয়া শিপইয়ার্ডে রণতরীগুলো নির্মাণ করা হচ্ছে।
পাকিস্তানে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম সরবরাহ করে চীন। দুই দেশ যৌথভাবে জেএফ-থান্ডার একক ইঞ্জিনের বহুমুখী কমব্যাট যুদ্ধবিমান তৈরি করছে। এর আগে পাকিস্তান জানিয়েছিল, তারা চীন থেকে রণতরী কিনছে।
