৩৫ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে শিশু উদ্ধার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৮ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
রাশিয়ার উদ্ধারকর্মীরা দেশটির একটি ধসেপড়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে ৩৫ ঘন্টা পর এক শিশুকে জীবিত উদ্ধার করেছেন। ছেলে শিশুটি শূন্যের নিচে তামপাত্রার মধ্যে পুরো একটি রাত কাটায়। গ্যাস বিস্ফোরণে ওই ভবন ধসে পড়ে অন্তত নয়জন মারা গেছে। ভবনটির আরও বেশ কয়েকজন বাসিন্দা এখনো নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষ জানায়, ১০ মাস বয়সী শিশুটির নাম ইভান ফোকিনে। শিশুটিকে হাসপাতালে চিকিৎসাধীন তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নববর্ষের অলৌকিকতা প্রকাশ পেয়েছে! মস্কো থেকে ১ হাজার ৭০০ কিলোমিটার পূর্বে মাগনিতোগোরস্ক শিল্প নগরীতে এই মর্মান্তিক ভবনধসের ঘটনাটি ঘটে। বিবৃতিতে আরও বলা হয়, ‘শিশুটির মা জীবিত আছেন। তিনি হাসপাতলে তার সন্তানকে চিনতে পেরেছেন।’
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শিশুটিকে অত্যন্ত গুরুতর অবস্থায় মস্কোর একটি হাসপাতালে পাঠানো হয়েছে। প্রচণ্ড ঠান্ডায় তার শরীরে অঙ্গগুলো প্রায় অবশ হয়ে গেছে, সে মাথায় ও পায়ে একাধিক স্থানে আঘাত পেয়েছে। তাকে বিশেষ চিকিৎসার জন্য মস্কোর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গ্যাস সংযোগের ছিদ্র থেকে এ বিস্ফোরণ ঘটে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। ভবনটিতে ৪৮টি অ্যাপার্টমেন্টে ১২০ জন বাসিন্দা বসবাস করতেন।
মাগনিতোগোস্ক শহরটি পার্বত্য অঞ্চলে অবস্থিত। দিনের বেলাতেই এই শহরে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। চেলিয়াবিনস্কের আঞ্চলিক গভর্নর বোরিস দুব্রোভস্কি বলেন, ‘উদ্ধারকর্মীরা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পান।’ তিনি বলেন, ‘শিশুটি একটি দোলনায় ছিল।’
