পাকিস্তানের কারাগারে বন্দি ৫৩৭ ভারতীয়
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
পাকিস্তানের কারাগারে ৫৩৭ জন ভারতীয় বন্দি রয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে একটি তালিকা প্রকাশ করে খবরটি জানানো হয়েছে। সূত্রের খবর, ওই ৫৩৭ জন বন্দির মধ্যে ৫৪ জন সাধারণ নাগরিক এবং ৪৮৩ জন মৎস্যজীবী।
ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী, দুই দেশকেই বছর দু’বার করে বন্দিদের তালিকা প্রকাশ করতে হয়। ২০০৮ সালের ২১ মে এই চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে।
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে খবর, ‘গত মঙ্গলবার সরকারের তরফ থেকে ইসলামাবাদে ৫৩৭ জন ভারতীয় বন্দির তালিকা ভারতীয় হাই কমিশনের হাতে তুলে দেওয়া হয়।’
ভারত এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হওয়া এই চুক্তি অনুযায়ী, দুই দেশকেই বছরে দুই বার করে এই তালিকা প্রকাশ করতে হয়। প্রত্যেক বছরের ১ জানুয়ারি প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকাটি ১ জুলাই প্রকাশিত হয়। তবে সূত্রের আরও খবর, ভারতের কারাগারগুলোতে কত জন পাকিস্তানি বন্দি রয়েছেন সেই তালিকা এখনও দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের কাছে এসে পৌঁছায়নি।
আনন্দবাজার জানায়, প্রশ্ন উঠছে পাকিস্তানের কারাবন্দি ভারতীয় মৎস্যজীবীদের এই বিশাল তালিকাটি নিয়ে। দুই দেশেরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের খবর, মৎস্যজীবীরা বে আইনিভাবে মাছ পাচার করার কারণে তাদেরকে আটক করা হয়। অনেক সময় মৎস্যজীবীদের নৌকাগুলোতে আধুনিক প্রযুক্তি না থাকায় সমুদ্রে তাদের বোঝা সম্ভব হয় না কোন দেশের জলসীমায় তারা রয়েছেন।
