উ. কোরীয় কূটনীতিকের ইতালিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৫ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
ইতালিতে নিযুক্ত উত্তর কোরিয়ার শীর্ষ কূটনীতিক রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রের প্রতিবেদনে এ কথা বলা হয়। খবর এএফপির।
সিউলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার দৈনিক জুংআং ইলবো জানায়, রোমে নিযুক্ত উত্তর কোরিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জো সং গিল পশ্চিমা একটি দেশের কাছে সপরিবারে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
এক কর্মকর্তার বরাত দিয়ে জুংআং জানায়, ‘গত মাসের গোড়ার দিকে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। এ কূটনীতিকের ব্যাপারে কি করা হবে সেটা নিয়ে ইতালি কর্তৃপক্ষ সিদ্ধান্তহীনতায় রয়েছে। তবে ইতালি কর্তৃপক্ষ তার নিরাপত্তা জোরদার করে তাকে সুরক্ষিত স্থানে রেখেছে।’
এর আগে পক্ষত্যাগ করা উত্তর কোরিয়ার কূটনীতিক ছিলেন থায়ে ইয়ং হো। তিনি ২০১৬ সালে লন্ডনে দায়িত্ব পালন করা ডেপুটি রাষ্ট্রদূতের পদ থেকে সরে দাঁড়ান। জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে উত্তর কোরিয়া পরমাণু পরীক্ষা চলানোয় ইতালি তৎকালীন রাষ্ট্রদূত মুন জং নামকে বহিষ্কার করার পর ২০১৭ সালের অক্টোরব মাস থেকে ৪৮ বছর বয়সী জো রোমে পিয়ংইয়ংয়ের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার এক বিশেষজ্ঞের বরাত দিয়ে জুংআং জানায়, তিনি উত্তর কোরীয় সরকারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার ছেলে বা জামাতা হিসেবে পরিচিত ছিলেন।
