নতুন বছরে পরমাণু বোমা হামলার হুমকি মার্কিন সেনা কর্মকর্তার
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:১২ পিএম, ২ জানুয়ারি ২০১৯ বুধবার
‘নিউ ইয়ার্স ইভ’-এ যখন আনন্দে উত্তাল নিউইয়র্কের টাইমস স্কয়ার, ঠিক তখনই টুইটে পরমাণু যুদ্ধের ভয় দেখাল মার্কিন সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ড।
ভিডিওতে দেখানো হলো, ‘বি-২০ বোমারু বিমান থেকে ফেলা হচ্ছে বিশাল চেহারার পরমাণু বোমা। আর তুমুল বিস্ফোরণের শব্দে ও গাঢ় ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চার পাশ।
মার্কিন সেনার স্ট্র্যাটেজিক কমান্ড টুইটে বলল, যদি কখনো প্রয়োজন হয়, টাইমস স্কয়ারের নিউইয়ার বলের চেয়ে অনেক অনেক বড় বোমা ফেলার জন্য তারা প্রস্তুত। স্ট্র্যাটেজিক কমান্ডই যুক্তরাষ্ট্রের পরমাণু অস্ত্র তদারকি ও ব্যবহারের শীর্ষ নেতৃত্ব।
ওই টুইটের পর রীতিমতো শোরগোল পড়ে যায় যুক্তরাষ্ট্রে। ঢেউ বয়ে যায় নিন্দা-সমালোচনার। বছর শুরুর দিনেই যুদ্ধের আশঙ্কায় ভীত হয়ে পড়েন শান্তিকামী মানুষ। তার পরিপ্রেক্ষিতে টুইট করেই ক্ষমা প্রকাশ করে মার্কিন সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক কমান্ড। মুছে ফেলা হয় আগের টুইট।
ক্ষমা চেয়ে স্ট্র্যাটেজিক কমান্ডের পরের টুইটে বলা হয়, ‘নতুন বছর উপলক্ষে আমাদের আগের টুইটটি খুব অরুচিকর হয়েছে। ওই টুইটে আমাদের আদর্শ প্রতিফলিত হয়নি। আমরা ক্ষমা চাইছি। আমরা যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর নিরাপত্তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
