শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

যুক্তরাষ্ট্রের বড় বড় পত্রিকাগুলোতে সাইবার হামলা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:০৭ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

সাইবার হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সংবাদপত্র। ফলে বড় ধরনের মুদ্রণ ও সরবরাহজনিত দুর্ভোগে পড়েছে পত্রিকাগুলো।

হামলার শিকার পত্রিকাগুলোর মধ্যে লস অ্যাঞ্জেলেস টাইমস, শিকাগো ট্রিবিউন, বাল্টিমোর সান এবং ট্রিবিউন পাবলিশিংয়ের মালিকানাধীন কয়েকটি সংবাদপত্র।

শুক্রবার হামলার পর সময়মতো প্রকাশ ও বিলি-বণ্টন করতে পারেনি পত্রিকাগুলো। শনিবার এসব পত্রিকা পৌঁছায়নি অনেক পাঠকের কাছেই। রোববার এ খবর জানিয়েছে বিবিসি।

সর্বপ্রথম ম্যালওয়্যার শনাক্ত করে ট্রিবিউন পাবলিশিং। পরবর্তীতে প্রতিষ্ঠানটির বেশ কয়েকটি সংবাদপত্র ওই ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত হয়। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে সাইবার হামলাটি চালানো হয়েছে।

ট্রিবিউন পাবলিশিংয়ের লস অ্যাঞ্জেলেস শাখা থেকে ওয়ালস্ট্রিট জার্নাল ও নিউইয়র্ক টাইমসের ওয়েস্ট কোস্ট সংস্করণ মুদ্রিত হয়। এ দুটি সংস্করণও এ সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়।

ট্রিবিউন পাবলিশিংয়ের অধীনে মুদ্রিত সংবাদপত্রগুলোর মধ্যে নিউইয়র্ক ডেইলি নিউজ, অরল্যান্ডো সেন্টিনল, শিকাগো ট্রিবিউন ও বাল্টিমোর সানও আছে। ট্রিবিউন পাবলিশিংয়ের মুখপাত্র মারিসা কোলিয়াস সাইবার হামলার কথা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ভাইরাসটি তাদের অধীনের সব সংবাদপত্রের মুদ্রণ ও উৎপাদন কাজে ব্যবহৃত ব্যাক-অফিস সিস্টেমে আঘাত হেনেছে।

ভাইরাসটি কোম্পানির বিজনেস সিস্টেম আক্রান্ত করে এর প্রকাশ সক্ষমতা থামিয়ে দেয়ায় সান ডিয়াগো ইউনিয়ন-ট্রিবিউনের পাঠকরা শনিবার সংবাদপত্র ছাড়াই দিন কাটিয়েছেন বলে পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জেফ লাইট তাদের ওয়েবসাইটে লিখেছেন।