‘পাগলা’ ট্রাম্পে টালমাটাল ১৮
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৬ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার দ্বিতীয় বছর ২০১৮। দু’বছরেই পুরো মার্কিন মুল্লুকে জানান দিয়েছেন তার উপস্থিতি। ঘরে-বাইরে ‘থোড়াই কেয়ার’ কর্মকাণ্ডের জন্য বিশ্ব পরিমণ্ডলে ‘পাগলা’ খেতাব কুড়িয়েছেন।
তবে শুরু থেকেই রুশ সংযোগ তদন্তের ভূত তাকে তাড়িয়ে বেড়িয়েছে। প্রথম বছরের মতো ট্রাম্প এক কলমের খোঁচায় কর্মকর্তা-উপদেষ্টাদের বরখাস্ত-বহিষ্কারের ধারা চালু রাখেন।
বছরজুড়ে ট্রাম্পের গোঁয়ারতুমিতে হোয়াইট হাউসে অস্থিতিশীলতা, যুক্তরাষ্ট্রের চাকা অচল, মিত্রদের অসম্মান প্রদর্শন ও হুটহাট পররাষ্ট্রনীতিতে খামখেয়ালিপনার কারণে নিজের চেয়ারও নড়বড়ে করে তুলেছেন তিনি। তার বিরুদ্ধে অভিশংসন আনার পরিকল্পনা করছেন ডেমোক্রেটিক এমপিরা।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে বরাদ্দ দাবি করে আইনপ্রণেতাদের সঙ্গে দর কষাকষি জারি রেখেছিলেন। বছরের শেষে ২১ ডিসেম্বর তার দাবির ৫০০ কোটি ডলার বরাদ্দ সিনেটে পাস না হওয়ায় ট্রাম্প বন্ধ করে দেন সরকারের চাকা। চলতি বছর তৃতীয়বারের মতো অচলাবস্থা চলছে যুক্তরাষ্ট্রে।
ডাকা (মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসা শিশুদের পুনর্বাসন) কর্মসূচি বাতিল করা নিয়েও বেশ সমালোচনার সৃষ্টি করেন ট্রাম্প। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জন ট্রাম্পকে কিছুটা বেকায়দায় ফেলে দিয়েছে। মেক্সিকো ও কানাডার সঙ্গে স্বাক্ষরিত নাফটা চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা অ্যাগ্রিমেন্ট (ইউএসএমসিএ) করেন ট্রাম্প।
এমন টালমাটাল পরিস্থিতিতে ট্রাম্প এ বছর একটা বিজয়ই পেয়েছেন। যৌন কেলেঙ্কারির অভিযোগ থাকা সত্ত্বেও গত সেপ্টেম্বরে ব্রেট কাভানাকে সুপ্রিমকোর্টের বিচারপতি নিয়োগ দিয়েছেন তিনি।
আন্তর্জাতিক পর্যায়েও ট্রাম্প ছিলেন শিরোনামে। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনকে পরমাণু বোমা হামলার হুমকি দিয়ে বছর শুরু করেছিলেন। তিনি বলেছিলেন, ‘লিটল রকেটম্যান’ কিমের পরমাণু বোমার চেয়ে বড় বোতাম তার কাছে রয়েছে।
সেই কিমের সঙ্গে গত ১২ জুন সিঙ্গাপুরে সাক্ষাৎ করে কোরীয় উপদ্বীপে উত্তেজনা নিরসনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বছরের শেষে হঠাৎই আফগানিস্তান থেকে সেনা কমানো এবং সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন ট্রাম্প। সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ নিয়েও সমালোচিত হয়েছেন ট্রাম্প।
