শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

কালো ব্যাগে করে সরানো হয় খাসোগির দেহাবশেষ!

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

তুরস্কের মিডিয়ায় সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে- দুহাতে দুটি বড় কালো রঙের ব্যাগ নিয়ে ইস্তাম্বুলে সৌদি কনসাল জেনারেলের বাড়িতে ঢুকছেন একটি লোক।

তুরস্কের সংবাদমাধ্যমের দাবি, ওই ব্যাগের মধ্যেই ছিল নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগির দেহাবশেষ।

গত ২ অক্টোবর বিবাহবিচ্ছেদের কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গিয়েছিলেন খাসোগি। এর পরে আর দীর্ঘদিন খোঁজ মেলেনি সৌদি রাজতন্ত্রবিরোধী এ সাংবাদিকের। খবর দ্যা ডেইলি মেইলের।

পরে জানা যায়, সৌদি আরব থেকে পাঠানো একটি বিশেষ দল কনস্যুলেটেই খুন করেছিল তাকে। শ্বাসরোধ করে হত্যার পর দেহটাকে টুকরো টুকরো করে কেটে রাসায়নিকে মিশিয়ে প্রায় নিশ্চিহ্ন করে ফেলা হয়।

খাশোগি-হত্যার শেষ মুহূর্তের একটি অডিও টেপও প্রকাশ্যে এসেছে সম্প্রতি। তাতে খাশোগির আর্তনাদ থেকে শুরু করে করাত দিয়ে তার দেহ টুকরো করার আওয়াজ শোনা গেছে। কিন্তু তারপরে কী হয়েছিল তা আর জানা যায়নি। সেই অংশটিই ধরা পড়েছে নতুন এই ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, সৌদির ঘাতক দলটির কয়েকজন সদস্য কনসাল জেনারেলের বাড়ির সামনে একটি ভ্যান থেকে নামলেন। দুহাতে দুটো কালো ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকলেন একজন। তুরস্কের সংবাদমাধ্যমে দাবি, ওই ব্যাগ দুটিতে খাশোগির দেহাবশেষ ছিল।

তুরস্ক বারবারই দাবি করেছে, খাসোগিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ খুনের পেছনে রয়েছেন সৌদি যুবরাজ।

 

প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে খাসোগিকে হত্যার কথা স্বীকার করে সৌদি আরব। এ হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে পাঁচজনের মৃত্যুদণ্ডের সুপারিশও করেছে দেশটি।