অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বর্ষবরণ শুরু
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
প্রতিবছরের মতো এবারো বিশ্বজুড়ে নতুন বছর উদযাপন করতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ২০১৯ সালকে স্বাগত জানাতে এরই মধ্যে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় বর্ষবরণ উদযাপন শুরু করেছে দেশটির হাজারো মানুষ।
এ লক্ষ্যে সিডনির হার্বার ব্রীজ এবং ওপেরা হাউজকে বর্ণিল করে সাজানো হয়েছে। আতশবাজি আর বর্ণিল আলোর ঝলকানিতে পুরো এলাকা এখন উৎসবমুখর।
নিউজিল্যান্ডে আতশবাজি ফাটানোর মাধ্যমে নতুন ইংরেজি বছরকে বরণ করে নিতে শুরু করা হয়। এ ছাড়া শহুরে এলাকার বিভিন্ন পয়েন্টের রেস্তোরাঁগুলোতে বাহারি খাবার পরিবেশন করা হচ্ছে। সেই সঙ্গে শহরের নানা গুরুত্বপূর্ণ জায়গায় সংগীত উৎসবের আয়োজন করা হয়েছে।
রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ারে লেজার প্রদর্শনী ও আতশবাজি পোড়ানোর মধ্য দিয়ে বর্ষবরণ করেন হাজার হাজার মানুষ। নিউজল্যান্ডে আতশবাজি ফাটানোর এক ঘণ্টার ভেতরেই অস্ট্রেলিয়ায় বিখ্যাত আতশবাজির প্রদর্শনী হয়।
বিশ্বের অন্যান্য বড় শহরগুলোতেও ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ ছাড়া নিউইয়র্কবাসী প্রতিবছরের মতো কাউন্ট ডাউন ও টাইমস স্কয়ারে বল পড়ার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবে। পাশাপাশি হংকং, সিঙ্গাপুর, বেইজিংসহ বিশ্বের বড় বড় শহরগুলোতেও লাখ লাখ মানুষ বর্ষবরণ উৎসবে মেতে উঠবে।
