ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫, নিখোঁজ ৩৪
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৫জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া ধ্বংসস্তুপ ও কাদার নিচে চাপা পড়ায় এখনো নিখোঁজ রয়েছেন আরো ৩৪জন। দেশটির পশ্চিম জাভার সুকাবুমি জেলায় ধসে পড়া বাড়িঘরের নিচে নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু করেছে দেশটির সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা।
সোমবার সূর্যাস্তের কিছুক্ষণ আগে এ ভূমিধসের ঘটনাটি ঘটে। খবর এবিসি নিউজ’র।
ভূমিধসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সুকাবুমি জেলার সারন্যারেসমি গ্রামে। ভারী বর্ষণের পর ধসে এই গ্রামের ৩০টি বাড়িঘর কাদার নিচে তলিয়ে গেছে।
দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র সুতোপো পুরওয়া নাগরোহো বলেছেন, ওই গ্রামের প্রায় ৬০জন বাসিন্দাকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
তিনি বলেন, কাদা ও ধ্বংস্তুপের নিচ থেকে উদ্ধারকারীরা ১৪টি মরদেহ উদ্ধার করেছে। এছাড়া আরো চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তির পর এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। উদ্ধারকাজে নিয়োজিত আছেন ৫ শতাধিক উদ্ধারকর্মী।
সুতোপো পুরওয়া বলেন, এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে। ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছেন ৩৪জন। ধ্বংসস্তুপের নিচে নিখোঁজদের অবস্থান শনাক্ত করতে ভারী যন্ত্রপাতির পাশাপাশি অবস্থান শনাক্তকারী মেশিন ব্যবহার করা হচ্ছে। তবে ভারী বর্ষণের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
