শনিবার   ১৪ মার্চ ২০২৬   ফাল্গুন ৩০ ১৪৩২   ২৫ রমজান ১৪৪৭

টোকিওতে বর্ষবরণে গাড়ি তুলে দেয়ার ঘটনায় আহত ৯

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:১২ পিএম, ১ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

জাপানের রাজধানী টোকিওতে ভীড়ের মধ্যে গাড়ি তুলে দেয়ার ঘটনায় অন্তত ৯জন আহত হয়েছেন। টোকিও’র ফ্যাশন হাউস খ্যাত এলাকা হারাযুকু’র তাকেশিতা স্ট্রিটে মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

হামলার ঘটনাস্থল হারাযুকু এলাকাটি বিশ্বজুড়ে জাপানের যুব সংস্কৃতি ও ফ্যাশনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এছাড়া এলাকাটি অদ্ভূত ও আকর্ষণীয় পোশাক বিখ্যাত ‘হারাযুকু গার্লস’ এর জন্যও প্রসিদ্ধ। খবর বিবিসি ও সিএনএন’র।

গাড়ি হামলার এই ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। হাসপাতালে চিকিৎসাধীন বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সড়কটিতে অনেক লোকজনের সমাগম ছিল। তাদের অধিকাংশই নতুন বছরের প্রার্থনায় যোগ দিতে একটি মন্দিরে যাচ্ছিলেন। ঘটনায় জড়িত এক ব্যক্তিকে এরইমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ২১ বছর বয়সী এই যুবকের নাম কাযুহিরো কুসাকাবে। ‘খুনের পরিকল্পনা’ নিয়েই তিনি এ হামলাটি চালিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে আশাই টিভি জানিয়েছে, হামলাকারীর গাড়ি থেকে বিপুল পরিমাণে কেরোসিন তেল উদ্ধার করা হয়েছে।

বার্তা সংস্থা এনএইচকে’কে পুলিশ জানিয়েছে, কাযুহিরো প্রথমে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে তাদের জানিয়েছিল। কিন্তু পরে জানা যায়, তার প্রতিপক্ষকে মৃত্যুদণ্ড দিতেই এ গাড়ি হামলা চালিয়েছেন তিনি। তবে এ ঘটনায় কৃতকর্মের জন্য কোনো অজুহাত দাঁড় করাতে রাজি নন এই হামলাকারী।