হার্ডলাইনে পুলিশ
গ্রেফতার সহস্রাধিক
সাপ্তাহিক আজকাল
প্রকাশিত : ০২:০৮ এএম, ২৯ জুলাই ২০২৩ শনিবার
ঢাকা অফিস -
বিএনপিকে মহাসমাবেশের অনুমতি দিলেও হার্ডলাইনে পুলিশ। মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশব্যাপী সহস্রাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। কর্মসূচিস্থল ও আশপাশসহ ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পোশাকের পাশাপাশি সাদা পোশাকে মাঠে রয়েছে এই বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা। স্ট্যান্ডবাই রাখা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজধানীর প্রবেশমুখে বসানো হয়েছে কড়া চেকপোস্ট। অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে নগরীর মোড়ে মোড়ে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে গ্রেফতারের খবর পাওয়া গেছে।
সরকার পতনের একদফা দাবিতে বিএনপি আজ (শুক্রবার) নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করবে। এদিন সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। এই দুই কর্মসূচিকে ঘিরে পুলিশের বিশেষ অভিযান চলছে। অভিযানে বিএনপির নেতাকর্মী গ্রেফতার হলেও আওয়ামী লীগের কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আমরা গণগ্রেফতার করছি না। পুলিশ আইনের বাইরে কাজ করছে না। যাদের গ্রেফতার করছি তারা নিয়মিত মামলা ও ওয়ারেন্টের আসামি। এর বাইরে বিশেষ পরিস্থিতিতে আমরা বিভিন্ন সময় চেকপোস্ট বসাই। সন্দেহজনক কাউকে পেলে তল্লাশি করা হয়।
তিনি বলেন, শুক্রবার দুটি রাজনৈতিক দলের মহাসমাবেশ। মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো তৃতীয়পক্ষ নাশকতার চেষ্টা চালাচ্ছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখছি। এজন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বাসিয়েছি। হোটেলগুলোতে রেইট দিচ্ছি। হোটেল, রেস্টুরেন্টে যেন কোনো নাশকতাকারী বা অপরাধী চক্র লুকিয়ে আছে কিনা তা বের করতেই হোটেলে অভিযান। কেউ বিরোধী দলের রাজনীতি করলেই তাকে গ্রেফতার করছি-এই অভিযোগ সঠিক নয়।
