গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে সার্বিয়ায় উত্তাল বিক্ষোভ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২১ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
গণমাধ্যমে স্বাধীনতার দাবিতে সার্বিয়ার জনগণ বিক্ষোভ করেছে। শনিবার দেশটিতে কয়েক হাজার মানুষ সড়কে নেমে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিস ও তার দল ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির বিরুদ্ধে শ্লোগান দেয়।
দেশটির বেলগ্রেড শহরের কেন্দ্রস্থলে বিক্ষোভকারীদের প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে দেখা যায়। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা সাংবাদিক ও বিরোধী দলের ওপর হামলা বন্ধের দাবি করেছে।
দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিস একজন স্বৈরশাসক এবং তার দল দুর্নীতিগ্রস্ত। তার বিরুদ্ধে আন্দোলন করতে ও জোটগতভাবে লড়তে প্রায় ৩০টি দল ঐক্যবদ্ধ হয়েছে। যদিও দল ও নিজের বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেছেন ভুচিস।
‘জনগণের সমস্যা নিয়ে আলোচনা করতে আমি প্রস্তুত, তাদের কোন কোন বিষয়ে আপত্তি আছে তা আমার সঙ্গে বিরোধী দলগুলো আলোচনা করতে পারে’ বলে দেশটির সরকারি টিভি চ্যানেলে এক বিবৃতিতে ভুচিস জানান।
ভুচিস জনপ্রিয়তা যাচাইয়ে নির্বাচনের কথা বললে অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি না করা পর্যন্ত কোন নির্বাচনে বিরোধী দল অংশ গ্রহণ করবে না বলে বিরোধী জোটের মুখপাত্র ভুক জেরেমিক জানিয়েছেন।
