নদীতে পাওয়া গেলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বিশাল বোমা
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২০ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
কলকাতায় ২য় বিশ্বযুদ্ধকালীন একটি বোমা পাওয়া গেছে। বোমাটির ওজন ৪৫০ কেজি।
শুক্রবার দুপুর দুইটার দিকে নদী বন্দরের নেতাজি সুভাষ বোস ডকের দুই নম্বর বার্থে নিয়মিত ড্রেজিং করার সময় বিশাল এ বোমাটি জব্দ করা হয়।
বিশেষজ্ঞরা জানান, বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন। বিমান থেকে নিক্ষেপ করা যায় বোমাটি এমনভাবে তৈরি করা হয়েছে।
কলকাতা বন্দর ট্রাস্টের চেয়ারম্যান বিনিত কুমার জানিয়েছেন, শুক্রবার বোমাটি পাওয়ার পর এলাকাটি ঘেরাও করে রাখা হয়।তিনি বলেন, ‘আমরা প্রথমে এটিকে টর্পেডো মনে করেছিলাম, কিন্তু এটিকে একটি বোমা বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।’
বিনিত কুমার জানান, সমরাস্ত্র কারখানার কর্মকর্তাদের সহায়তা নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হতে পারে।
পশ্চিমবঙ্গে নৌবাহিনীর ভারপ্রাপ্ত কর্মকর্তা কমোডোর সুপ্রোভো কে দে জানিয়েছেন, বোমাটির মধ্যে অনেকগুলো সিকিউরিটি লক যুক্ত থাকায় হঠাৎ বিস্ফোরিত হওয়ার কোনো ঝুঁকি নেই। নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষেপ করা হলে এটি বিস্ফোরিত হবে।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতার হুগলি নদীর পূর্ব পারের নেতাজি সুভাষ বোস ডকটি মার্কিন নৌবাহিনী ব্যবহার করেছিল।
