শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির টেলিফোন
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:০৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার
একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ সকালে টেলিফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৩১ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রীর প্রেস-উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, টেলিফোন আলাপে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতা বেশ কিছু সময় কথা বলেন। আগামীতে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারত আরও নিবিড়ভাবে কাজ করবে, দুই দেশের বন্ধুত্ব আরও উন্নত হবে বলে দুই নেতা আশা প্রকাশ করেন।
এর আগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সাধারণ সম্পাদক রাম মাধব সোমবার সকালে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওযায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮, ঐক্যফ্রন্ট ও বিএনপি জোট ৭, ও অন্যান্যরা ৫টি আসনে জয়লাভ করেছেন।
বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি।এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
